মন্ত্রী মোজাম্মেলের টিকার ভিডিও নিয়ে অপপ্রচার হচ্ছে: মন্ত্রণালয়
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক করোনাভাইরাসের টিকা ‘নেননি’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও প্রচার করা হচ্ছে, তাকে ‘স্বাধীনতাবিরোধী কুচক্রী মহলের মিথ্যা অপপ্রচার’ হিসেবে বর্ণনা করেছে মন্ত্রণালয়।
শনিবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেইসবুকে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেটি ‘এডিট’ করা।
‘প্রকৃত ঘটনা’ তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গত ১৭ ফেব্রুয়ারি সচিবালয় ক্লিনিক ভবনে করোনাভাইরাসের টিকা নেন। সাংবাদিকরা সে সময় ছবি ও ভিডিও সংগ্রহ করেন। তবে টিকা দেওয়ার কক্ষে স্থান সঙ্কুলান না হওয়ায় উপস্থিত সাংবাদিকরা কেউ কেউ ছবি ও ভিডিও ফুটেজ নিতে পারেননি।
“পরে ক্যামেরা পারসনরা অনুরোধ করলে, মন্ত্রী টিকা নেওয়ার পর তাদের ছবি ও ভিডিও নেওয়ার সুযোগ দেন।”
“উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও এডিট করে ‘মন্ত্রী টিকা নেননি’ বলে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তথা সরকারের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী কুচক্রী মহলের মিথ্যা অপপ্রচারের অংশ বলে মন্ত্রী উল্লেখ করেছেন।”
মন্ত্রীকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিডিও সম্পাদন করে এ ধরনের মিথ্যা অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মন্ত্রীর টিকা নেওয়ার ‘প্রকৃত ভিডিওর’ একটি লিঙ্কও দেওয়া হয়েছে।
