২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা মোবাইল অ্যাপ চালু

নভেল করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম সহজ করতে স্বাস্থ্যকর্মীদের জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যা শুক্রবার থেকে ব্যবহার হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2021, 03:39 PM

Updated : 07 Apr 2022, 10:46 PM

বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘সুরক্ষা কোভিড-১৯ টিকা প্রদান অ্যাপ’ উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুরক্ষা মোবাইল অ্যাপ চালু হওয়ায় টিকাদান কার্যক্রম আরও সহজ হবে। এটা আরো গতি পেল।

নভেল করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সুরক্ষা নামে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা করে সরকার। এখন টিকাদান কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্যকর্মীরা এই মোবাইল অ্যাপটি ব্যবহার করবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফেব্রুয়ারি মাসে ২০ লাখ ডোজ টিকা আসবে। বাকি টিকা আসবে আগামী মাসে।

নতুন চালু হওয়া সুরক্ষা অ্যাপটি শুধু অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, অ্যাপ চালু হওয়ায় স্বাস্থ্যকর্মীদের এখন কম্পিউটার ব্যবহার করতে হবে না। তারা এখন টিকা কার্ডের কিউআর কোড স্ক্যান করবেন।

তিনি বলেন, এতে কয়েক সেকেন্ডের মধ্যে সেন্ট্রাল ডেটাবেইজে সংরক্ষিত টিকাগ্রহীতার তথ্য যাচাই ও আপলোড হয়ে যাবে।

আইসিটি বিভাগের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টিকাদান সম্পর্কিত সব ধরনের তথ্য সংরক্ষণে এই মোবাইল অ্যাপটি ব্যবহার করা হবে। এই অ্যাপ যারা হাসপাতালে কাজ করছেন, তাদের জন্য।

“আগে এনআইডি নাম্বার দিয়ে এন্ট্রি করতে হতো। এখন কার্ডটা ধরলেই অটোমেটিক সব তথ্য চলে যাবে। কে টিকা নিল, কোন ডোজ নিল সেই ডেটা যাবে। এই অ্যাপের সুবিধাভোগী স্বাস্থ্যকর্মীরা। আমজনতার জন্য অ্যাপটা এখনও আসে নাই।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিল আহমেদ বক্তব্য রাখেন।