২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মাদক বহনকারী ট্রাকের চাপায় র‌্যাব সদস্যের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় মাদক বহনকারী ট্রাকের চাপায় র‌্যাবের একজন সদস্য মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2021, 06:51 PM

Updated : 07 Apr 2022, 10:45 PM

তার নাম মো. ইদ্রিস মোল্লা (২৮)। তিনি বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল।

এ ঘটনায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ শোক জানিয়েছেন।

রোববার সকালে ভালুকার কোকাকোলা ফ্যাক্টরি থেকে পাঁচ-ছয় কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

র‌্যাব সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সামনে একটি চেক পোস্ট স্থাপন করা হয়। সকাল সাড়ে ৬টার দিকে সন্দেহজনক একটি ট্রাক থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকটি সিগনাল অমান্য করে চলে যায়।

এসময় র‌্যাব সদস্য ইদ্রিস মোল্লা ও ডিএডি গোলাম মোস্তফা মোটর সাইকেল নিয়ে ট্রাকের পিছু নেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাগেরবাজার এলাকায় ট্রাকটি থেকে এক বস্তা গাঁজা রাস্তার পাশে ফেলে দেওয়া হলে ডিএডি গোলাম মোস্তফা মোটর সাইকেল থেকে নেমে গাঁজার বস্তার কাছে যান আর ইদ্রিস মোল্লা মোটরসাইকেল নিয়ে আবার ট্রাকটিকে ধাওয়া করেন।

ভালুকার কোকাকোলা কারখানার কাছে মাদক বহনকারী ট্রাকটি ইদ্রিসের মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে সংবাদ বিজপ্তিতে বলা হয়েছে।

ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

এ ঘটনায় ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ইদ্রিসের গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওরয়ের কেল্লাই গ্রামে। ২০১১ সালের ২২ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে বিভিন্ন অভিযানে বাহিনীর ২৭ জন সদস্য নিহত এবং ২২ জন গুলিবিদ্ধ হয়েছেন।

এছাড়া অভিযান চলাকালীন সময়ে পাঁচ শতাধিক সদস্য গুরুতর আহত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।