যানবাহন অধিদপ্তরের চালক নিয়োগের বিজ্ঞপ্তি স্থগিত
গাড়ির চালক নিয়োগে সরকারি যানবাহন অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তি স্থগিত করেছে হাই কোর্ট।
সেই সঙ্গে সরকারি যানবাহন অধিদপ্তরের কমিশনার ও পরিচালকের (নৌ) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ২৮ চালকের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।
দেশের বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া চালকদের স্থায়ী না করে পরিবহন পুল চালক নিয়োগে ২০১৭ সালে আগস্ট ও সেপ্টেম্বরে দুটি বিজ্ঞপ্তি দেয়।
এর বৈধতা চ্যালেঞ্জ করে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ২৮ জন চালক ওই বছরের ৫ অক্টোবর হাই কোর্টে রিট করেন।
ওই রিটে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে দুটি বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করে ২০১৮ সালের ৩ অক্টোবর রায় দেয় হাই কোর্ট। রায়ে ওই ২৮ চালকদের ৩০ দিনের মধ্যে স্থায়ী করতে নির্দেশ দেওয়া হয়।
আবদুস সাত্তার পালোয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই বছর অতিবাহিত হলেও কোনো প্রকার আপিল কিংবা রায় বাস্তবায়ন না করে ফের চলতি বছরের ৭ জানুয়ারি ৪৬৬ জন চালক নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি যানবাহন অধিদপ্তর।
“তখন ওই ২৮ জন চালক হাই কোর্টে আদালত অবমাননার আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত বিজ্ঞপ্তির ৪৬৬ জন চালক নিয়োগের অংশ স্থগিত করার পাশাপাশি হাই কোর্টের রায় অমান্য করার অভিযোগে সরকারি যানবাহন অধিদপ্তরের কমিশনার এবং পরিচালকের (নৌ)বি রুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন।”
