চাকরি শুরুর আগেই তারা সহায়তা নিয়ে শীতার্ত মানুষের পাশে
মহামারীর মধ্যেই উত্তর জনপদে চলছে শৈত্যপ্রবাহ, শীতের প্রকোপে দুর্ভোগে পড়া মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ৩৮তম বিসিএসে সরকারি চাকরিতে নিয়োগের সুপারিশ পাওয়া আগামী দিনের কর্মকর্তারা।
‘সাহায্য নয়- উপহার, উষ্ণতা হোক অধিকার’ স্লোগান নিয়ে শুক্রবার উত্তরবঙ্গ, চরাঞ্চল, পাহাড়ি অঞ্চল, বন্যাকবলিত অঞ্চল, ঢাকাসহ ১৫টি জেলার শীতার্তদের মাঝে আড়াই হাজার কম্বল ও দুই হাজার ১৫০ কৌটা পেট্রোলিয়াম জেলি বিতরণ করেছে ৩৮তম বিসিএস ক্যাডার (সুপারিশপ্রাপ্ত) পরিবার। পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্কও বিতরণ করেছেন তারা।
উদ্যোক্তারা জানান, শীতপ্রধান অঞ্চল ও দারিদ্র্যপ্রবণ এলাকাগুলোকে তারা প্রাধান্য দিচ্ছেন। এর আগে বন্যা কবলিত মানুষের জন্যও তারা উপহার পাঠিয়েছিলেন।
