সুন্দরবন মার্কেটের ৩৪ দোকান উচ্ছেদে ৩ মাসের স্থিতাবস্থা
রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ডানপাশের ৩৪ দোকান উচ্ছেদে তিন মাসের স্থিতাবস্থা দিয়েছে হাই কোর্ট।
দোকান উচ্ছেদে সিটি করপোরেশনের নোটিস চ্যালেঞ্জ করা রিটে সম্পূরক আবেদনের শুনানি করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেয়।
দোকান উচ্ছেদে সিটি করপোরেশনের নোটিস কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বদরুদ্দোজা বাদল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।
পরে বদরুদ্দোজা বাদল বলেন, “৩৪ জন মালিকের দোকানের দখল এবং অবস্থানে তিন মাসের স্থিতাবস্থা জারি করেছে হাই কোর্ট। দোকান উচ্ছেদ না করতে সিটি করপোরেশনের কাছে এই দোকান মালিকদের আবেদন নিষ্পত্তি করতে কেন নির্দেশ দেওয়া হাবে না এবং দোকান উচ্ছেদে সিটি করপোরেশনের নোটিস কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।”
মূল নকশার বাইরের অবৈধ স্থাপনা অপসারণের নোটিস দিয়ে ১৪ ডিসেম্বর ওই সব দোকান উচ্ছেদের ঘোষণা দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সেই নোটিসটি চ্যালেঞ্জ করে গত রোববার হাই কোর্টে রিট আবেদন করেন এই ৩৪ দোকানের মালিক। এরপর সিটি করপোরেশনে আবেদন করে উচ্ছেদের আগে সময় নেন দোকান মালিকরা।
কিন্তু বৃহস্পতিবার আরেকটি নোটিস দিয়ে সিটি করপোরেশন জানায়, দুপুরেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
সকালে সম্পূরক আবেদন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নোটিসটি চ্যালেঞ্জ করলে আদালত তিন মাসের স্থিতাবস্থা জারি করে।
