ফুলবাড়িয়ার মার্কেটে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ
ঢাকার গুলিস্তানের ফুলবাড়িয়ায় একটি মার্কেটে নকশা বহির্ভূতভাবে বানানো ৯১১টি দোকান উচ্ছেদে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ অভিযান শুরুর পর সংঘর্ষে জাড়িয়েছেন ব্যবসায়ীরা।
সিটি করপোরেশনের বুলডোজার মঙ্গলবার বেলা দেড়টার দিকে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর অবৈধ স্থাপনা ভাঙা শুরু করলে বিক্ষোভরত ব্যবসায়ীরা ঢিল ছুড়তে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযানে থাকা পুলিশ সদস্যদের টিয়ার শেল ছুড়তে দেখা যায়।
বংশাল থানার ওসি শাহীন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উচ্ছেদ অভিযানে তারা বাধা দেয়, তখন ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি শান্ত করার জন্য টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রেণে আছে।”
মার্কেটের এ, বি ও সি ব্লকে (সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজা) এরকম ৯১১টি দোকান চিহ্নিত করার পর সেগুলো উচ্ছেদের সিদ্ধান্ত জানিয়ে তিন দিন আগে নোটিস দেওয়া হয়। পাশাপাশি মাইকিংও করা হয়।
সে অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উচ্ছেদ অভিযান চালাতে ওই মার্কেটে যায় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। কিন্তু ব্যবসায়ীরা মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে অভিযান শুরু করতে বিলম্ব হয়।
মার্কেটের সামনে অবস্থান নিয়ে দোকানিরা স্লোগান দিতে থাকেন- ‘রক্ত দেব দোকান ছাড়ব না। রাজপথ ছাড়ব না, ডাইরেক্ট অ্যাকশন।’
কাকে টাকা দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, "এককভাবে কেউ টাকা নেয়নি, এখানে মার্কেটের ব্যবসায়ী নেতারা আছেন, সিটি করপোরেশনের লোকজন আছে। আমি প্রায় সাত বছর আগে দোকান নিয়েছি।"
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন বলেন, “এই উচ্ছেদের বিষয়ে কিছু জানি না। কে বা কারা দোকান মালিকদের থেকে টাকা নিয়েছে, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি চার, পাঁচ মাস আগে দায়িত্ব পেয়েছি। মার্কেটের বিষয়ে আমি কোনো অভিযোগও পাইনি। আমি উচ্ছেদের পক্ষে না, আমি ব্যবসায়ীদের পক্ষে। তারা বৈধভাবে ব্যবসা করে খাক, এটা আমি চাই।”
রাসেল সাবরিন বেলা সোয়া ২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে আমরা অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলছি।”
