২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর নামে মরিশাসে সড়ক উদ্বোধন

মরিশাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়ক উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2020, 03:15 PM

Updated : 18 Aug 2022, 04:14 PM

বৃহস্পতিবার দুপুরে মরিশাসে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং মরিশাসের দ্য সিটি কাউন্সিল অব পোর্ট লুইসে আয়োজিত এক অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিটের’ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারণকৃত ভিডিও বার্তায় বলেন, “বাংলাদেশ ও মরিশাস দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক স্তরে দুর্দান্ত সম্পর্ক উপভোগ করছে। আমাদের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে আমরা একই মূল্যবোধ, নীতি ও আকাঙ্ক্ষাগুলো ভাগাভাগি করি। আমরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন করি।

“আমি বিশ্বাস করি, পরের বছর ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশনের সভাপতিত্বকারী বাংলাদেশ সামনের দিনগুলিতে আমাদের সহযোগিতা এবং বোঝাপড়ার সম্পর্ককে আরও সুদৃঢ় করার জন্য কাজ করবে।”

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ মহাসাগর এবং সমুদ্রের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ‘ব্লু ইকোনমি’র সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে এবং আমরা এ বিষয়ে মরিশাসের বিস্তৃত অভিজ্ঞতা থেকে উপকৃত হতে চাই।”

মরিশাসের প্যারাডাইজ আইল্যান্ডের রাজধানী পোর্ট লুইসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়কের নামকরণ করায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার, জনগণ এবং নিজের  পক্ষ থেকে মরিশাস সরকার, জনগণ এবং কোভিড-১৯ মহামারীর মধ্যে যারা এই কাজ করতে পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানান।

Image
ছবি: নাসির আলী মামুন/ফটোজিয়াম

ছবি: নাসির আলী মামুন/ফটোজিয়াম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করার পাশপাশি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

তিনি বলেন, “২০২০ সালটি আমাদের জাতির জন্য অত্যন্ত তাত্পর্যপূর্ণ। আমরা দেশ-বিদেশে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘মুজিববর্ষ’ উদযাপন করছি। যিনি শোষণ ও নিপীড়ন মুক্ত একটি সুখী এবং সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন দেখেছিলেন। এখন আমরা আমাদের পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করছি।”

মরিশাসের সঙ্গে সম্পর্কের তিনি বলেন, “বর্তমানে মরিশাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য এটি একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্ট্রিট’ আমাদের দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা একসাথে পথ চলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেমনটা মরিশাসে বলা হয় ‘লামেন ডানস্লামেইন’ (হাতে-হাতে)।”

অনুষ্ঠানে মরিমাসের ভাইস প্রাইম মিনিস্টার এবং লোকাল গর্ভনমেন্ট অ্যান্ড ডিজাসটার রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আনোয়ার হুসনু অংশ নেন।

এছাড়াও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরীও অনুষ্ঠানে যুক্ত ছিলেন।