বিজয়ের দিনে শহীদ স্মরণ
যাদের রক্তের বিনিময়ে দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটেছিল, বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশের, মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৯তম বার্ষিকীতে সেই বীর সন্তানদের স্মরণ করছে জাতি।
বুধবার সকাল সাড়ে ৬টার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে সেই মুক্তিসেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান ও প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় সামরিক কায়দায় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা বিজয় দিবসের সকালে সভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন
বিজয় দিবসের দিন জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর সম্মিলিত সামরিক কুচকাওয়াজ (প্যারেড) এবার হচ্ছে না।
বুধবার ভোর সাড়ে ৬টায় জাতীয় প্যারেড স্কয়ারে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। একই সময়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শুরু হয় শ্রদ্ধা নিবেদন পর্ব।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষেও শহীদ বেদীতে ফুল দেওয়া হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে মন্ত্রিসভার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানও এ সময় তার সঙ্গে ছিলেন।
শ্রদ্ধা নিবেদন করা হয় বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রধান বিচারপতি ও তিন বাহিনীর পক্ষ থেকে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানান মেয়র শেখ ফজলে নূর তাপস। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শ্রদ্ধার ফুলে ভরে উঠতে থাকে শহীদ বেদী।
মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৯তম বার্ষিকীতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় সালাম জানায়, শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর। ছবি: আসিফ মাহমুদ অভি
সেদিন ঢাকার তৎকালীন রেসকোর্স (এখন সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করেন যুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল আমীর আব্দুল্লাহ খান নিয়াজী।
তাই ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস; বিশ্বের হাতেগোনা যে ক’টি দেশের স্বাধীনতা দিবসের পাশাপাশি বিজয় দিবসের মতো উৎসবের উপলক্ষ রয়েছে, তার একটি বাংলাদেশ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সামনে দাঁড়ানো বাংলাদেশে এবারের বিজয়ের উৎসব বড় পরিসরে উদযাপনের কথা থাকলেও তাতে বাধ সেধেছে করোনাভাইরাস মহামারী।
তাই উৎসবের পরিসর হয়েছে সীমিত, আর যেসব কর্মসূচি রয়েছে, তাতে অংশ নেওয়ার ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোরে সূর্যোদয়ের ক্ষণে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে। সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন জ্যেষ্ঠ নেতারা।
“যে স্বপ্ন দেখে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন জাতির পিতার নেতৃত্বে, সে স্বপ্ন নতুন প্রজন্ম তুলে নিয়েছে। তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।”
এফবিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, “বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করেছে। দারিদ্র্যসীমা ৪৬ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে। ইকোনমিক ভালনারেবিলিটি, হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স, ক্লাইমেট সবকিছুতে আমরা এগিয়েছি। যত সীমাবদ্ধতা আছে, তা পার করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।”
জাতির পিতার ভাস্কর্যের বিরোধিতায় সাম্প্রতিক মৌলবাদী তৎপরতার দিকে ইংগিত করে তিনি বলেন, “আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে না জানানোর কারণে এক ধরনের একটি গ্যাপ সৃষ্টি হয়েছে। এখন সম্মানিত আলেম সমাজের লেবাসে একটি রাজনৈতিক অপশক্তি অপপ্রচার চালাচ্ছে।”
বিজয় দিবসের সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ছবি: আসিফ মাহমুদ অভি
বিজয় দিবসের সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসেছিলেন মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী নিশি আক্তার।
তিনি বলেন, “বেশ কিছু সংস্কৃতি আমাদের দেশ থেকে হারিয়ে গেছে, সেগুলো ফিরিয়ে আনতে হবে। স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে “
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকলিমা আক্তার এশা বলেন, “আজকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মৌলবাদীরা তার ভাস্কর্য ভাঙচুরের ধৃষ্টতা দেখিয়েছে। আমাদের এখনই সতর্ক হতে হবে। নতুবা তা ভবিষ্যতে আমাদের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়াবে।”
