বিজয় নিশান ওড়ানোর দিন
একে একে ৪৯ বছর পেরিয়ে গেল; সুবর্ণজয়ন্তীর সামনে দাঁড়ানো বাংলাদেশকে এখন সুবর্ণ সময়ও ডাকছে।
বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনিতে শুরু হয় বিজয়ের উৎসব, সেই সঙ্গে গর্বময় এক বিষাদের সঙ্গে লাল-সবুজের এই পতাকার জন্য প্রাণ দেওয়া লাখো শহীদকে স্মরণের সূচনা হয়।
কালরাতে সামরিক আক্রমণের পর শোষণ-বঞ্চনার অবসান ঘটাতে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতার জন্য যে যুদ্ধ শুরু হয়েছিল, তা সফল পরিণতি পায় নয় মাস পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে।
তাই ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস; বিশ্বের হাতেগোনা যে ক’টি দেশের স্বাধীনতা দিবসের পাশাপাশি বিজয় দিবসের মতো উৎসবের উপলক্ষ রয়েছে, তার একটি বাংলাদেশ।
এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে বিজয়ের এই উৎসব ভিন্ন বড় পরিসরে উদযাপনের কথা থাকলেও তাতে বাধ সেধেছে করোনাভাইরাস মহামারী।
তাই উৎসবের পরিসর হয়েছে সীমিত, আর যেসব কর্মসূচি রয়েছে, তাতে অংশ নেওয়ার ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে সৃষ্ট পাকিস্তান থেকে ৪৯ বছর আগে আলাদা হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের যাত্রা শুরু হলেও স্বাধীনতার মূল চেতনায় বারবার এসেছে আঘাত।
১৯৭৫ সালে জাতির পিতার হত্যাকাণ্ডের পর যে উল্টোযাত্রা শুরু হয়েছিল দেশের, তা থেকে ফেরানোর পথে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ থাকলেও মাঝেমাঝেই উঁকি দিচ্ছে সংশয়।
ঠিক এবারের বিজয় দিবসের আগেও বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতায় নামে কয়েকটি ইসলামী সংগঠন, তার তাতে দেওয়া হয় ধর্মের দোহাই।
তবে বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কড়া বার্তা এসেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছ থেকে।
তিনি স্পষ্টভাষায় বলেছেন, “এ দেশে ধর্মের নামে কোনো ধরনের বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমরা দেব না।”
রাজনৈতিক সমালোচনা থাকলেও শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক পরিমণ্ডলে বাংলাদেশের দুর্দান্ত গতিতে এগিয়ে চলার কথা এখন সারাবিশ্বেই বলছে।
বাংলাদেশ যখন বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে, তখনই দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন রেকর্ড উচ্চতায় পৌঁছে পাকিস্তানের দ্বিগুণ হওয়ার সুখবর আসে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে।
মাথাপিছু আয় ২ হাজার ডলার ছাড়িয়ে মধ্যম আয়ের দেশের কাতারে উঠছে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পর এখন মহাকাশে আবারও লাল-সবুজ পতাকা স্থাপনের পরিকল্পনা চলছে। নিজস্ব আয়ে পদ্মা সেতুর মতো বড় অবকাঠামো প্রকল্পও শেষ করে এনেছে সরকার।
এই উন্নয়নচিত্র এসেছে সরকারপ্রধানের ভাষণেও। তিনি বলেছেন, “আমরা স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছি। প্রমত্তা পদ্মার বুক চিরে নিজেদের অর্থায়নে নির্মাণাধীন পদ্মা সেতু মাত্র সপ্তাহ খানেক আগে দেশের দুই প্রান্তকে সংযুক্ত করেছে।”
করোনাভাইরাস মহামারীতে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, তখন অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি কোনো কার্যক্রমে গতি হারাতে দিচ্ছে না ‘ডিজিটাল বাংলাদেশ’।
এই পরিবেশে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সবাইকে ইতিবাচক দৃষ্টিভঙ্গী ধারণের আহ্বান এসেছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছ থেকে।
বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীকে বলেছেন, “উন্নয়নের এ ধারাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন। তাহলেই দেশ পরিণত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়।”
শেখ হাসিনার ভাষায়, নানা চরাই-উৎরাই পেরিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি ‘সমীহের নাম’।
এই স্বাবলম্বী আর অসাম্প্রদায়িক বাংলাদেশের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়, সেজন্য উত্তর প্রজন্মকে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
৩০ লাখ শহীদের রক্তঋণের কথা স্মরণ করিয়ে তিনি বলেছেন, “যুবশক্তি, তরুণ সমাজ এবং নতুন প্রজন্মের কাছে অনুরোধ, তোমরা তোমাদের পূর্বসূরিদের আত্মোৎসর্গের কথা কখনোই ভুলে যেও না। তাদের উপহার দেওয়া লাল-সবুজ পতাকার অসম্মান হতে দিও না।”
সেই সঙ্গে মহামারীর এই কালে সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধির কথাও মনে করিয়ে দেন সরকার প্রধান।
“আপনারা ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং মাঝেমধ্যে হাত সাবান অথবা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করবেন। আপনার সুরক্ষা, সকলের জন্য রক্ষাকবচ।”
দিবসের কর্মসূচি
মঙ্গলবার সন্ধ্যা হতেই সরকারি-বেসরকারি সব ভবন বিজয় দিবস উপলক্ষে আলোকিত বর্ণিল আলোকচ্ছটায়।
বিজয় দিবসের দিন জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর সম্মিলিত সামরিক কুচকাওয়াজ (প্যারেড) এবার হবে না।
প্রতিবারের মতো এবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাননি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান এবং প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী বুধবার ভোর সাড়ে ৬টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর মন্ত্রিসভার সদস্য, কূটনৈতিক ও রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক নানা সংগঠনের ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোরে সূর্যোদয়ের ক্ষণে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে।
সকাল ৯টায় আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন জ্যেষ্ঠ নেতারা।
সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান হয়।
সকাল ১০টায় রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ।
বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সীমিত পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, সিপিবি, বাসদসহ অন্য রাজনৈতিক দলগুলোও স্মৃতিসৌধে ফুল দেবে।
এই ফুল বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, তা তৈরি করে বসে আছেন এক ফুল বিক্রেতা। ছবি: মাহমুদ জামান অভি
বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় উৎসবের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ছায়ানটের বিজয় দিবসের ভার্চুয়াল আয়োজন ‘আমাদের এই পতাকা’ বিকাল ৩টা ৪০ মিনিটে তাদের অফিসিয়াল ইউটিউব ও ফেইসবুক পেইজে লাইভ হবে।
সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিকালে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল আত্মোৎসর্গকারীর স্মরণে নবনির্মিত ম্যুরাল ‘ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ’ উদ্বোধন করবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর নগর ভবন এক আলোচনা সভায় সভাপতিত্ব করবেন; ওই সভায় প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম নগর ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বনানী বিদ্যানিকেতনে মুজিব কর্ণার উদ্বোধন করবেন।
বিজয় দিবস উপলক্ষে জাতীয় গণগ্রন্থাগারের আয়োজন শুরু হবে সকাল ১১টায়, জাতীয় জাদুঘরের আলোচনা শুরু হবে বিকাল ৪টায়।
এদিন বেলা ১২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোরআনখানি, আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।
বিজয় দিবস উপলক্ষে বেতার ও টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। সংবাদপত্রগুলো বের করবে ক্রোড়পত্র।
এদিন সারাদেশে কারাগার, হাসপাতাল ও শিশু সদনগুলোতে উন্নত খাবার পরিবেশন হবে।
রাষ্ট্রপতির বাণী
বিজয়ের ৫০ বছরে পা দেওয়ার ক্ষণে বাংলাদেশের উন্নয়নের ধারা এগিয়ে নিতে দৃষ্টিভঙ্গি পাল্টাতে বললেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া বার্তায় তিনি বলেন, “নানা চড়াই-উৎরাই পেরিয়ে দেশে আজ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত।
“সরকারের নিরলস প্রচেষ্টায় ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়নসহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
“উন্নয়নের এ ধারাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন। তাহলেই দেশ পরিণত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়।”
রাষ্ট্রপতি দেশে-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি করোনাভাইরাস মহামারীর এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান আবদুল হামিদ।
প্রধানমন্ত্রীর বাণী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশ, গণতন্ত্র ও সরকারবিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।
একইভাবে করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং দেশের উন্নয়ন-অগ্রযাত্রা ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার উপরও জোর দেন।
প্রধানমন্ত্রী বিজয় দিবস উপলক্ষে দেওয়া বাণীতে বলেন, “বাংলাদেশ এবং ইউনেস্কো যৌথভাবে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছে। আগামী বছর আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব। আসুন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশ, গণতন্ত্র ও সরকার বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করি।”
বিজয় দিবসে শেখ হাসিনা স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি স্মরণ করেন জাতীয় চার নেতা, ৩০ লাখ শহীদ, সম্ভ্রমহারা দুই লাখ মা-বোন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের।
বিরোধীদলীয় নেতার বাণী
বিজয় দিবস উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ তার বাণীতে বলেন, বিজয়ের চার দশক পার হলেও মুক্তিযুদ্ধের লক্ষ্য পরিপূর্ণরূপে এখনও বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, “রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা এবং শ্রেণি বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গঠনই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। বিজয়ের চার দশক পার হলেও মুক্তিযুদ্ধের লক্ষ্য পরিপূর্ণরূপে এখনও বাস্তবায়িত হয়নি।”
হানাহানি ও বৈরিতাকে পেছনে ফেলে সবাইকে একতাবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান রওশন এরশাদ।
জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেন, “সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সকল মত, পথ ও ভেদাভেদ ভুলে মহান বিজয় দিবসের চেতনায় সুখী, সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে সকলের আহ্বান জানাই।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শুভেচ্ছা বার্তায় বলেন, “গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই আমরা স্বাধীনতাযুদ্ধ করেছিলাম। সে লক্ষ্য পূরণে আমরা আজও কাজ করে যাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের চুড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব বলে আমার দৃঢ় বিশ্বাস।”
