আবরার রাহাতের মৃত্যু: সাক্ষ্যগ্রহণ পেছালো
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ জানুয়ারি দিন রেখেছে আদালত।
সোমবার এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর কথা থাকলেও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান হাই কোর্ট থেকে ছয় মাসের স্থগিতাদেশ পেয়েছেন জানিয়ে সময়ের আবেদন করেন তার আইনজীবী।
পরে সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ঠিক করে দেন বলে মতিউর রহমানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জানান।
আদালতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ফাইল ছবি
ওই অনুষ্ঠানের আয়োজক ছিল প্রথম আলোর কিশোর সাময়িকী কিশোর আলো। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান কিশোর আলোর প্রকাশক; আর কিশোর আলোর সম্পাদক হলেন আনিসুল হক।
ওই ঘটনায় আবরারের বাবা মো. মুজিবুর রহমান গত ৬ নভেম্বর প্রথম আলো সম্পাদকসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে আদালতে এ মামলা করেন।
তদন্ত শেষে গত ১৬ জানুয়ারি প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম।
সেখানে মোট দশজনকে আসামি করে বলা হয়, নাইমুল আবরারের মৃত্যুর পেছনে কিশোর আলো কর্তৃপক্ষের ‘অবহেলার প্রমাণ’ পাওয়া গেছে।
নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করে কর্মসূচি পালন করেছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা
ওই প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কায়সারুল ইসলাম সেদিনই অভিযোগপত্রভুক্ত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে তাদের সবাই আদালত থেকে জামিন নেন।
এরপর গত ১২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ কিশোর আলোর সম্পাদক আনিসুল হককে বাদ দিয়ে নয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষগ্রহণ শুরুর জন্য ১৪ ডিসেম্বর তারিখ রাখেন।
মতিউর রহমান ছাড়া অভিযুক্ত অন্যরা হলেন- প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও শুভাশীষ প্রামাণিক, অনুষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট জসীম উদ্দিন, মোশাররফ হোসেন, সুজন ও কামরুল হাওলাদার।
অভিযোগ গঠনের পর মতিউর রহমান তার বিরুদ্ধে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন। সে বিষয়ে শুনানি করে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ রোববার মতিউর রহমানের ক্ষেত্রে মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে দেয়।
সেই সঙ্গে মতিউর রহমানের ক্ষেত্রে মামলাটি কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত।
আরও পড়ুন
