মাদকের মামলায় ঢাকায় এক ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
রাশেদুল ইসলাম নামের আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার এ রায় ঘোষণা করেন।
বিচারক বলেন, নয় সাক্ষীর মধ্যে সাতজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আসামি রাশেদুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বোচ্চ সাজা দেওয়া হলো। একই সঙ্গে ২০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হলো।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মাহবুবুর রহমান, আসামির আইনজীবী ছিলেন মুহিবুর রহমান মাহবুব।
২০১৭ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ রাশেদুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।
