২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগের নির্দেশ

শীত মৌসুমে কোভিড-১৯ মোকাবেলায় ‘প্রয়োজনে’ শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2020, 04:47 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোকে ছয় দফা নির্দেশনা দিয়ে সোমবার চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির সব অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালক, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে-

# স্বাস্থ্যবিধি মেনে কোভিড-১৯ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির জন্য সকল প্রতিষ্ঠানে প্রচার কার্যক্রম গ্রহণ করতে হবে।

# কর্মস্থলে সকলের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।

# যে কোনো কার্যক্রমে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

# শিক্ষা প্রতিষ্ঠান সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

# প্রয়োজনীয় ক্ষেত্রে কোভিড-১৯ মোকাবেলায় ঊর্ধ্বতন/অধস্তন অফিস, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রক্ষা করতে হবে।

# সেবা গ্রহণকারীরা বিশেষ প্রয়োজন ছাড়া সরাসরি অফিসে না গিয়ে ডাকযোগে অথবা অনলাইনে কাজ সম্পাদন করবেন।

করোনাভাইরাস মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কওমি মাদ্রসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

মাউশিতে নিয়োগ দিয়ে সতর্কতা

চার হাজার ৩২টি পদে নিয়োগ নিয়ে ‘প্রতারণার ফাঁদ’ থেকে প্রার্থীদের সতর্ক থাকতে বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)।

অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন অফিস/শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ২৮ ক্যাটাগরির চার হাজার ৩২টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ২২ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

“প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা গ্রহণের প্রস্তুতি ও দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে। পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। কিন্তু এরই মধ্যে কিছু প্রতারক চক্র চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছে বলে প্রতীয়মান হচ্ছে।

“এ অবস্থায় কেউ যাতে কোনো প্রতারণার ফাঁদে না পড়েন সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হল।”

সব ধরনের পরীক্ষার (লিখিত, ব্যবহারির ও মৌখিক) তারিখ, সময় ও ভেন্যু এমনকি নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলে তা প্রার্থীকে সরাসরি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানোর পাশাপাশি তা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে মাউশি।