২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার কদমতলীতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যু

ঢাকার কদমতলীতে আগুন লেগে ২১টি বসত ঘর পুড়ে গেছে, জীবন্ত দগ্ধ হয়েছেন একজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2020, 02:01 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

সোমবার ভোর পৌনে ৩টার দিকে শ্যামপুর বরইতলা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান।

Image
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

তিনি বলেন, সেখানে একতলা একটি ভবনের ছাদের ওপর টিনশেড ২১টি ঘর বানিয়ে নিম্নবিত্তের মানুষদের ভাড়া দেওয়া হয়েছিল। সোমবার ভোর পৌনে ৩টার দিকে কোনো একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ২১টি ঘর পুড়ে যায়। একটি কক্ষ থেকে দেলোয়ার নামে ১৮ বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

লিমা খানম বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, দেলোয়ার স্থানীয় একটি রুলিং মিলে কাজ করতেন। ওই ঘরে তিনি একাই থাকতেন।

“আগুন লাগার পর অন্য বাসিন্দারা বের হতে পারলেও দেলোয়ার পারেনি। ঘরের ভেতরেই আগুনে পুড়ে মারা যায় সে।”