এমপি আসলামুলের ৩ কোম্পানির স্থাপনা উচ্ছেদে বাধা কাটল
বুড়িগঙ্গা ও তুরাগের তীর দখল করে গড়ে তোলা সংসদ সদস্য আসলামুল হকের মালিকানাধীন মাইশা গ্রুপের তিন কোম্পানির স্থাপনা উচ্ছেদে বাধা কাটল।
বুধবার হাই কোর্টের রায়ের পর সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড, ঢাকা নর্থ পাওয়ার ইউটিলিটি কোম্পানি লিমিটেড ও ঢাকা ওয়েস্ট পাওয়ার লিমিটেডের স্থাপনা উচ্ছেদ বিআইডব্লিউটিএ এখন চাইলেই করতে পারে বলে মনে করেন জাতীয় নদী কমিশনের পক্ষের কৌঁসুলি মনজিল মোরসেদ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উচ্ছেদ কাজ চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক।
তাতে আদালতের রুল হয়েছিল। সেই রুলের চূড়ান্ত শুনানির পর বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ তা খারিজের রায় দেয়।
রায়ে আদালত বলেছে, “নদীর উপর আমাদের নির্ভরতা অনেক। নদীকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো কিছু আদালত বিবেচনা করবে না।”
রায়ে আরও বলা হয়েছে, সিএস (ক্যাডাস্ট্রাল সার্ভে) রেকর্ডকে নদীর সীমানা বিবেচনা করতে হবে। নদীকে যে কোনোভাবে রক্ষা করতে হবে এবং নদী কমিশনের প্রতিবেদনকে গুরুত্ব দিতে হবে।
“বাদীর দাবির বিষয়টি বিরোধপূর্ণ। সুতরং রিট আবেদনটি গ্রহণযোগ্য নয়। এসব বিবেচনায় রুলটি খারিজ করা হল,” বলা হয় রায়ে।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন মো. ওজি উল্লাহ। জাতীয় নদী কমিশনের পক্ষে ছিলেন মনজিল মোরসেদ। আর বিআইডব্লিউটিএর পক্ষে শুনানি করেন কামরুন্নাহার দিপা।
রিট আবেদনকারীর আইনজীবী ওজি উল্লাহ বলেছেন, এ রায়ের বিরুদ্ধে তারা আপিল বিভাগে যাবেন।
ঢাকা মহানগরীর চারপাশের চার চার নদী- বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষার দূষণ, অবৈধ দখল বন্ধে ২০০৯ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’র পক্ষে জনস্বার্থে করা একটি রিট মামলায় ৯ দফা নির্দেশনা দিয়ে রায় দেয় হাই কোর্ট।
ওই ৯ দফা নির্দেশনার মধ্যে সিএস (ক্যাডাস্ট্রাল সার্ভে) ম্যাপ অনুযায়ী নদীগুলোর সীমানা জরিপ কাজ সম্পন্ন করে সীমানা পিলার স্থাপন ও নদী জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা ছিল।
সে নির্দেশনা অনুযায়ী বিআইডব্লিউটিএ গত মার্চে মাইশা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ চালায়।
এর মধ্যে বিআইডব্লিউটিএ গত ২৩ অগাস্ট মাইশা গ্রপের আরিশা ইকনোমিক জোন কর্তৃপক্ষকে নোটিস দিয়ে সাত দিনের মধ্যে নদীর জমি থেকে স্থাপনা উচ্ছেদ করতে বলে। সেই সঙ্গে ভরাট করা মাটি সরিয়ে ভূমি আগের অবস্থায় ফিরিয়ে দিতে বলা হয়।
ওই নোটিস পাওয়ার পর গত ২৬ অগাস্ট জবাব দেয় আরিশা কর্তৃপক্ষ।
জবাবে তুরাগের জমি দখলের অভিযোগ অস্বীকার করার পাশাপাশি বিরোধপূর্ণ এলাকায় যৌথ জরিপ করার প্রস্তাব দেওয়া হয়।
বিআইডব্লিউটিএ তার কোনো জবাব না দিলে হাই কোর্টে রিট আবেদন করেন আসলামুল হক।
ওই রিট আবেদনের শুনানির পর গত ২ সেপ্টেম্বর হাই কোর্ট ‘আরিশা অর্থনৈতিক জোন’র নির্মাণ কার্যক্রমে স্থিতাবস্থা এবং নির্মাণাধীন জোন উচ্ছেদে বিআইডব্লিউটিএ’র কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়।
১০ দিনের জন্য এই স্থিতাবস্থা দিয়ে আদালত বলে দেয় বিরোধপূর্ণ ভূমি নিয়ে যৌথ জরিপ চালাতে। বিআইডব্লিউটিএকে এ নির্দেশ দেয় উচ্চ আদালত।
এরপরই ঢাকার জেলা প্রশাসকের নেতৃত্বে বিআইডব্লিউটিএ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংরাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসোর প্রতিনিধিদের নিয়ে জরিপ চালানো হয়।
জরিপে বুড়িগঙ্গা, তুরাগের ১২.৭৮৬৪ একর, তীরভূমি ও প্লাবনভূমির ৭.৯২১২ একর ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ড্যাপের আওতাভুক্ত জমিসহ মোট ৫৪ দশমিক ০১৭৮ একর জমিতে মায়িশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা প্রাইভেট ইকোনমিক জোনসহ বেশ কিছু বাণিজ্যিক অবৈধ স্থাপনার প্রমাণ মেলে।
পরে গত ৯ নভেম্বর জাতীয় নদী কমিশন জরিপের প্রতিবদেনটি প্রকাশ করে।
তার আগে বিআইডব্লিটিএ মাইশা গ্রুপের সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড, ঢাকা নর্থ পাওয়ার ইউটিলিটি কোম্পানি লিমিটেড ও ঢাকা ওয়েস্ট পাওয়ার লিমিটেডে উচ্ছেদে গেলে বিরোধপূর্ণ জায়গা আবার যৌথ জরিপের আবেদন করা হয়।
গত ১৭ মে বিআইডব্লিউটিএর কাছে আবেদনটি করে এই তিন প্রতিষ্ঠান।
পরে আবার উচ্ছেদ অভিযান চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করা হয় এই তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
তার প্রাথমিক শুনানি নিয়ে গত ২২ অক্টোবর হাই কোর্ট রুল জারি করে এবং বিআইডব্লিউটিএর কাছে করা যৌথ জরিপের আবেদনটি ৩০ দিনের মধ্যে নিস্পত্তি করতে নির্দেশ দেয়।
বিআইডব্লিউটিএ উচ্ছেদ করতে গিয়ে এই তিন প্রতিষ্ঠানের যেসব স্থাপনা ধ্বংস করেছে, তার জন্য আবেদনকারীকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং আবেদনকারীর বিরোধপূর্ণ জায়গায় য়ৌথ জরিপের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।
আদালতের নির্দেশ অনুযযায়ী গত ২৬ নভেম্বর বিআইডব্লিউটিএ মাইশা গ্রুপের ওই তিন প্রতিষ্ঠানের যৌথ জরিপের আবেদনটি না মঞ্জুর করে নিষ্পত্তি করে দেয়।
বিআইডব্লিউটিএ বলে দেয় নতুন করে যৌথ জরিপের আর কোনো প্রয়োজন নেই, আবশ্যকতা নেই। এ কারণে আবেদনটি না মঞ্জুর করা হল।
এর মধ্যে গত ৩০ নভেম্বর যৌথ জরিপের প্রতিবেদন যুক্ত করে জাতীয় নদী কমিশন ওই তিন প্রতিষ্ঠানের রিটে জারি করা রুল খারিজ করতে একটি আবেদন করে।
যৌথ জরিপের প্রতিবেদনের বরাত দিয়ে কমিশনের সে আবেদনে বলা হয়, মাইশা গ্রুপের এই তিনটি প্রতিষ্ঠান নদীর ১২.৭৮ একর এবং নদীর তীরভূমির ৭.৯২ জায়গা দখল করেছে।
এমনকি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) প্রদর্শিত ৩০ একরের মত জায়গায় মাটি ভরাট করে জলাশয় ও নদীর প্রবাহে বাধা তৈরি করা হয়েছে।
এরপর চূড়ান্ত শুনানি নিয়ে বুধবার আদালত রুল খারিজ করে রায় দেয়।
আইনজীবী মনিজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উচ্ছেদ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্যই রিট আবেদনকারী এভাবে একের পর এক রিট দায়ের করেছেন। মাইশা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধীকবার রিট দায়ের করা হয়েছে। এ রিট মামলাটিও এর আগে হাই কোর্টের অন্য বেঞ্চেও উপস্থাপন করা হয়েছিল। সে তথ্যিএ আদালতের কাছে গোপন করা হয়েছে।
“আমি চাইব বিআইডব্লিউটিএ যত তাড়াতাড়ি সম্ভব উচ্ছেদ কাজ শুরু করবে এবং নদীর জায়গা দখলমুক্ত করবে।”
বিআইডব্লিউটিএ’র আইনজীবী কামরুন্নাহার দিপা বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উচ্ছেদ অভিযান পারিচালনায় এখন কোনো বাধা নেই। আদালত বলেই দিয়েছেন নদী ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো বিষয় বিবেচনা করা হবে না।”
তবে ওজি উল্লাহ বলেন, “চাইলেই বিআইডব্লিউটিএ উচ্ছেদ করতে পারবে না। কারণ আমাদের রিট আবেদনে কোনো নিষেধাজ্ঞা বা স্থিতাবস্থা দেয়নি হাই কোর্ট। বিরোধপূর্ণ জমির বিষয়ে প্রতিকারের জন্য দেওয়ানী আদালতে যেতে বলেছেন।
“এ রায় অনুযায়ী আমারা দেওয়ানী আদালতে যাব। আর এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল বিভাগের চেম্বার আদালতেও আবেদন করব।”
