২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোল্ডেন মনিরের’ অবৈধ সম্পদ অনুসন্ধানে গণপূর্তের প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ

বিপুল অর্থ, অস্ত্র-মদ ও সোনাসহ গ্রেপ্তার মনির হোসেনের ওরফে গোল্ডেন মনিরের অবৈধ সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2020, 05:27 PM

Updated : 08 Apr 2022, 01:45 AM

কমিশনের প্রধান কার্যালয়ে দুদকের উপ-পরিচালক সামছুল আলম নেতৃত্বে গণপূর্তের এই পরিচালককে বুধবার সকাল ১০টা থেকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে সংস্থাটির এক কর্মকর্তা জানান।

এদিন জিজ্ঞাসাবাদের কথা থাকলেও উপস্থিত না হয়ে সময় চেয়ে আবেদন করেছেন রাজউকের পরিচালক শেখ শাহিনুল ইসলাম।

জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে অনুসন্ধান সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদের পরে তার কাছে আরও কিছু নথিপত্র চাওয়া হয়েছে।

“তিনি সেইসব নথিপত্র জমা দেবেন বলেছেন। দুদকের অনুসন্ধানের অংশ হিসেবে এই জিজ্ঞাসাবাদ চলছে,” বলেন তিনি।

এর আগে মঙ্গলবার গোল্ডেন মনিরের অবৈধ সম্পদ ও প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে রাজউকের সিবিএ নেতা আবদুল জলিল ও নিম্নমান সহকারী সিবিএর সাবেক নেতা মো. ওবায়দুল্লাহ হককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

গত ১ ডিসেম্বর দুদক উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সামছুল আলম স্বাক্ষরিত নোটিসে সাতজনকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।

একই সময়ে পাঠানো পৃথক নোটিসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ওরফে ‘সোনা শফিক’ ও ডিএনসিসির সাবেক কমিশনার বিএনপি নেতা এমএ কাউয়ুমকে ১০ ডিসেম্বর তলব করেছে দুদক।

এর আগে গত ২৬ নভেম্বর গোল্ডেন মনির ও তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসাব চেয়ে নোটিস পাঠিয়েছে দুদক।

দুদক পরিচালক আকতার হোসেন আজাদের স্বাক্ষরে পাঠানো নোটিসে তাদের ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে।

এই অনুসন্ধান ছাড়াও আট বছর আগের এক মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে গত ৩ ডিসেম্বর তিন কোটি ১০ লাখ ৮৫ হাজার ৩৩৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন।

মেরুল বাড্ডায় মনিরের ছয়তলা বাড়িতে গত ২০ নভেম্বর রাতে অভিযান চালায় র‌্যাব। অবৈধ সম্পদ অনুসন্ধানে এই অভিযান চালানোর পর মনিরকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে মনিরের বাড়ি থেকে নগদ এক কোটি নয় লাখ টাকা, চার লিটার মদ, আট কেজি সোনা, একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর মনিরের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা হয়েছে। মামলাগুলো তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।