২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়া থেকে ফিরেছেন ডিবিএলের কর্মীরা

গৃহযুদ্ধের কারণে নিরাপত্তা ঝুঁকিতে পড়ায় ইথিওপিয়া থেকে নিজেদের সব কর্মীকে দেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছে ডিবিএল গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2020, 07:57 PM

Updated : 18 Aug 2022, 04:11 PM

আফ্রিকার দেশটিতে সংঘাত বাড়তে থাকায় সেখানে অচিরেই কারখানা চালুর আশা করছে না বাংলাদেশি তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।

ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার ও আধা-স্বায়ত্তশাসিত ফেডারেল রাজ্য তিগ্রাইয়ের স্থানীয় শাসক গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরুর পর নভেম্বরের শুরুতেই বন্ধ হয়ে যায় ডিবিএল গ্রুপের পোশাক কারখানাটি।

বেশ কয়েকদিন অবরুদ্ধ থাকার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় ডিবিএলকর্মীরা তিগ্রাই থেকে বের হয়ে রাজধানী আদ্দিস আবাবায় চলে আসে।

ইথিওপিয়ায় যুদ্ধ কবলিত এলাকায় আটকা শতাধিক বাংলাদেশি  

মঙ্গলবার ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রীলংকান দুজন ও বাংলাদেশি ১০১ জন কর্মীর সবাই দেশে ফিরে এসেছেন।”

সংঘাতের কারণে দেশটির সেই অঞ্চলে টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।

কবে নাগাদ কারখানা চালু করা হতে পারে- জানতে চাইলে জব্বার বলেন, “সংঘাত চলতে থাকায় সেখানকার পরিস্থিতি সম্পর্কে এখনও কিছু জানা যাচ্ছে না। কারখানা চালুর জন্যও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় থাকতে হবে।”

তিগ্রাইয়ের শাসক দল তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) দীর্ঘ ৩০ বছর ধরে ইথিওপিয়া শাসন করেছে। দুই বছর আগে বর্তমান প্রধানমন্ত্রী আবি আহমেদের দলের কাছে ক্ষমতা হস্তান্তর করলেও প্রশাসনে তাদের ব্যাপক প্রভাব রয়েছে।

সম্প্রতি আবি আহমেদ পুরোনো সরকারের অনেক নেতার দুর্নীতির বিচার শুরু করলে আঞ্চলিক বিভক্তি দেখা দেয়। তিগ্রাইয়ে প্রথমে টিপিএলএফ বাহিনী ফেডারেল শামরিক বাহিনীর ওপর আক্রমণ চালালে এই সংঘাত শুরু হয় বলে দাবি করছেন প্রধানমন্ত্রী আবি আহমেদ।

ইথিওপিয়ার তিগ্রাই রাজ্যের কাছে ২ বিমানবন্দরে রকেট হামলা

‘ইথিওপিয়া থেকে ছোড়া রকেট’ ইরিত্রিয়ার রাজধানীতে  

Image
ইথিওপিয়ার তিগ্রাই সীমান্তের কাছে আমহারা অঞ্চলে গত ৯ নভেম্বর তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্টের মুখোমুখি হওয়ার পথে ট্রাকে আমহারা অঞ্চলের মিলিশিয়ারা। ছবি- রয়টার্স

ইথিওপিয়ার তিগ্রাই সীমান্তের কাছে আমহারা অঞ্চলে গত ৯ নভেম্বর তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্টের মুখোমুখি হওয়ার পথে ট্রাকে আমহারা অঞ্চলের মিলিশিয়ারা। ছবি- রয়টার্স

জব্বার বলেন, “সংঘাতটা তাদের নিজেদের মধ্যে বেঁধেছে। এই নিয়ে আমাদের বেশি মন্তব্য করা ঠিক হবে না। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের অপেক্ষায় থাকতে পারি। যুদ্ধ যখন চলছে তখন সবারই তো কমবেশি ক্ষতির আশঙ্কা থাকছে।”

যুক্তরাষ্ট্রর বাজারে শুল্কমুক্ত প্রবেশ, জমির দাম কম থাকা এবং সস্তা শ্রমের সুবিধা কাজে লাগাতে ২০১৮ সালে তিগ্রাইয়ে পোশাক কারখানা চালু করে ডিবিএল গ্রুপ।

নিজস্ব বিনিয়োগের পাশাপাশি ইথিওপিয়ার স্থানীয় ব্যাংকের অর্থায়নও রয়েছে এই কারখানায়। সেখানে বড় আকারের জমি নিয়ে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল ডিবিএল।

জব্বার বলেন, “সেখানে কারখানা স্থাপন করতে গিয়ে বাংলাদেশ অ্যাম্বাসি যথেষ্ট সহযোগিতা করেছে। এখনও তাদের যে কোনো ধরনের সহযোগিতা পচ্ছি।‍‍”

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “‍সেখানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রয়েছে। ঢাকায়ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছি।

“তবে এই মুহূর্তে পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষায় থাকতে হবে। এর আগে কারও কিছু করার নেই।”