২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীর উত্তম ক্যাপ্টেন আকরামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের কিলো ফ্লাইটের বৈমানিক বীর উত্তম ক্যাপ্টেন আকরাম আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2020, 11:00 AM

Updated : 18 Aug 2022, 04:11 PM

তার দপ্তর থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বাংলাদেশ বিমান বাহিনী গঠনে ক্যাপ্টেন আকরাম আহমেদের বলিষ্ঠ ভূমিকার কথা স্মরণ করেছেন।

“মহান মুক্তিযুদ্ধে এই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধার অনন্য অবদান তিনি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন।”

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আকরাম আহমেদ। সোমবার সেখানেই তার মৃত্যু হয়।

১৯৭১ সালে আকরাম আহমেদ পূর্ব পাকিস্তান উদ্ভিদ রক্ষা (প্ল্যান্ট প্রটেকশন) বিভাগে কাজ করতেন। সে সময়ে আকাশ থেকে বনে ওষুধ ছিটিয়ে পোকা দমনের জন্য উদ্ভিদ রক্ষা বিভাগের নিজস্ব বিমান (ক্রপ ডাস্টার) ছিল।

মুক্তিযুদ্ধ শুরু হলে মে মাসে ঢাকা থেকে পালিয়ে ভারতে যান আকরাম আহমেদ।

ভারত সরকারের সহযোগিতায় ২৮ সেপ্টেম্বর নাগাল্যান্ডের ডিমাপুরের পরিত্যক্ত একটি বিমানঘাঁটিতে স্বাধীন বাংলাদেশ বিমানবাহিনীর গোড়াপত্তন হয়। গোপনীয়তার স্বার্থে তখন এর নাম দেওয়া হয় ‘কিলো ফ্লাইট’। আকরাম আহমেদও যোগ দেন সেই দলে।

৬৬ দিনের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম ফ্লাইং ইউনিট কিলো ফ্লাইটের সদস্যরা শুরু করেন আকাশ যুদ্ধ।

কানাডায় তৈরি একটি পুরনো ডিএইচথ্রি অটার বিমান নিয়ে আকরাম আহমদ চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে ১২টির মত অপারেশনে অংশ নেন।

২ ডিসেম্বর মধ্যরাতে চট্টগ্রামে তেলের ডিপোতে প্রথম যে বিমান হামলা চালায় মুক্তিবাহিনীর বিমান উইং; সেই বিমানের পাইলট ছিলেন আকরাম আহমেদ।

মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য আকরাম আহমেদকে বীর উত্তম খেতাব দেয় সরকার। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ বিমানে চাকরি করেন।

পুরনো খবর:

মুক্তিযোদ্ধা পাইলট আকরাম আহমেদ আর নেই