শেষ হল সংসদের বিশেষ অধিবেশন
শেষ হল দেশের ইতিহাসে সংসদের প্রথম বিশেষ অধিবেশন। ১০ কার্যদিবসের এই অধিবেশন শুরু হয়েছিল গত ৮ নভেম্বর।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই বিশেষ অধিবেশনে প্রথম এবং শেষ চার কার্যদিবস চলে সাধারণ অধিবেশনের মতোই।
সংসদ কক্ষে জাতির জনকের ছবিসহ এটাই সংসদের প্রথম অধিবেশন।
বৃহস্পতিবার রাতে অধিবেশন সমাপনী সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠ করে শোনানোর মধ্য দিয়ে স্পিকার অধিবেশন সমাপ্তি ঘোষণা করেন।
এর আগে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংসদে সংবিধানের চতুর্থ সংশোধনী প্রস্তাব পাসের সময় বঙ্গবন্ধুর ভাষণ অধিবেশন কক্ষে শোনানো হয়েছিল।
৯ নভেম্বর অধিবেশনে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে স্মারক বক্তৃতা দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওইদিনই জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে সংসদে একটি প্রস্তাব আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই প্রস্তাব নিয়ে সংসদে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতাসহ সরকারি ও বিরোধী দলীয় ৭৯ সংসদ সদস্য এর ওপর ১৯ ঘণ্টা ৩ মিনিট আলোচনা করেন।
১৫ নভেম্বর সংসদে সেই প্রস্তাবটি গ্রহণ করা হয়। এরপর দিন থেকে সংসদের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। এই অধিবেশনে ৯টি সরকারি বিল পাস হয়েছে।
করোনাভাইরাস মহামারীকালের আগের তিনটি অধিবেশনের মতো এবারও সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশনের কার্যক্রম চলে। শুধুমাত্র ৯ নভেম্বর অধিবেশনে কোভিড-১৯ নেগেটিভ সকল সদস্য অংশ নেন। এরপর তালিকা অনুযায়ী তারা যোগ দেন।
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনে এ বছরকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করে নানা কর্মসূচি নিয়েছিল সরকার। তার অংশ হিসেবে গত ৯ জানুয়ারি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই বিশেষ অধিবেশন করার সিদ্ধান্ত হয়।
কথা ছিল, ২২-২৩ মার্চ এই বিশেষ অধিবেশন হবে।
কিন্তু বিশ্বের অন্য সব দেশের মত বাংলাদেশেও করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকলে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান কাটছাঁট করা হয়, সংসদের বিশেষ অধিবেশনও স্থগিত হয়ে যায়।
মহামারীকালে অন্য সংসদ অধিবেশনে গণমাধ্যমের প্রবেশ ছিল না। তবে এই অধিবেশনে ৯ নভেম্বর সাংবাদিকদের সংসদে প্রবেশের অনুমতি নেওয়া হয়। সেজন্য করোনাভাইরাস পরীক্ষা করা হয় গণমাধ্যমকর্মীদের।
