সংবিধানের সুফল যাবে ঘরে ঘরে, এই হোক মুজিববর্ষের অঙ্গীকার: স্পিকার
মুজিববর্ষের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংবিধানের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়াই হোক জাতির পিতার জন্মশতবর্ষে সংসদের অঙ্গীকার।
ফাইল ছবি
বিশেষ এই অধিবেশনের দ্বিতীয় দিন, গত ৯ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে এই সাধারণ প্রস্তাব তোলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর ওপর আলোচনায় অংশ নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী স্বাধীন বাংলাদেশে সংবিধান প্রণয়ন এবং বঙ্গবন্ধুর দর্শন নিয়ে কথা বলেন।
তিনি বলেন, বাহাত্তরের সংবিধানে মূলনীতি, আদর্শ, দর্শন সবকিছুই দীর্ঘ ২৪ বছরের সংগ্রামের ইতিহাসের সাথে এক সূত্রে গাঁথা।
১৯৪৭ থেকে শুরু ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠন, ৬৬ সালে বাঙালির মুক্তি সনদ ৬ দফা ঘোষণা, ১৯৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, ১৯৬৯ এর গণ অভূত্থ্যান, ১৯৭০ এর নির্বাচন, একাত্তরে সাতই মার্সের ভাষণ, ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এবং নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যে বাঙালির যে সংগ্রামের ইতিহাস রচিত হয়েছে, বাহাত্তরের সংবিধানের প্রেক্ষাপট তারই ওপর রচিত বলে মন্তব্য করেন স্পিকার।
বঙ্গবন্ধুর একটি বক্তব্য থেকে উদ্ধৃত করে স্পিকার বলেন, “৭২ এর সংবিধানের মূল প্রতিপাদ্য ‘ভবিষ্যৎ বংশধররা যদি সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়বাদ এবং ধর্মনিরেপক্ষতার ভিত্তিতে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আমার জীবন সার্থক হবে, শহীদদের রক্তদান সার্থক হবে’।
“আমাদের সকলকে এই মর্মকথা উপলব্ধি করতে হবে। মূল প্রতিপাদ্য স্মরণ রাখতে হবে। প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে হবে। এই সংবিধানকে পরিপূর্ণভাবে কার্যকর করার দায়িত্ব জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের উপর, ভবিষ্যৎ বংশধরদের উপর এবং ভবিষ্যৎ প্রজন্মের উপরেই ন্যস্ত করেছেন।“
শিরীন শারমিন বলেন, “বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে এই সংবিধান যেন বাংলার মানুষের আশা-আকাঙ্খা পূরণের মধ্যে দিয়ে অর্থবহ হয়ে ওঠে, সেই লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। এই সংবিধানকে সুরক্ষিত এবং সমুন্নত রাখার ক্ষেত্রে আমাদের সদা সচেতন থাকতে হবে।
“মুজিববর্ষে আমাদের অঙ্গীকার করতে হবে, সংবিধানের সুফল আমরা বাংলার সকল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। এই সংবিধান তখনই সার্থক হবে, যখন বাংলাার মানুষ ক্ষুধা-দারিদ্র-বঞ্চনা ও বৈষম্য থেকে মুক্ত হয়ে উন্নত জীবন পাবে। এই লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
শেখ হাসিনার নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, “আসুন আমরা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র, ক্ষুধামুক্ত, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রযাত্রা অব্যাহত রাখি, বাঙালির প্রাণের গভীর থেকে নির্মল ভালোবাসায় অশ্রুধারায় সিক্ত আবেগ ও পরম শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু থাকবেন সদা সমুজ্জ্বল। ইতিহাসের পাতায় চির জাগ্রত অমর এক নাম শেখ মুজিব। তারই প্রেরণায় বাঙালি গেয়ে যাবে জীবনের জয়গান।“
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ মহামারীকালে অনুষ্ঠিত গত অধিবেশনগুলোতে অনুপস্থিত থাকলেও রোববার বিশেষ অধিবেশনে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
