পৌরসভার ভোট: প্রথম ধাপের তফসিল শিগগির
পৌরসভা সাধারণ নির্বাচনের প্রথমধাপের ভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।
ডিসেম্বরের শেষার্ধে ভোট করতে বৃহস্পতিবার বা আগামী সপ্তাহের শুরুতে অন্তত ২৫টি পৌরসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হতে পারে।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবারও ভোট হবে। তবে গেলবারের মতো একদিন নয়, বরং কয়েক ধাপে হবে পৌর নির্বাচন।
বুধবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তফসিল দেওয়ার প্রস্তুতি নিয়ে এ সংক্রান্ত ফাইল নির্বাচন কমিশনে উপস্থাপন করা হয়েছে। কমিশন অনুমোদন পেলে বৃহস্পতিবার তফসিল হতে পারে। আর তা না হলে রোববার নাগাদ তফসিল দেওয়া হবে। প্রথম ধাপে ২০-২৫টি পৌরসভায় নির্বাচন হতে পারে।”
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ইতোমধ্যে বলেছেন, ডিসেম্বরের শেষ দিকে পৌরসভার নির্বাচন শুরু করা হতে পারে। সব পৌরসভার ভোট ধাপে ধাপে হওয়া ভালো। ইভিএমে ভোট করতে সুবিধার জন্যে ধাপে ধাপে করা হবে।
ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা শাখা ইতোমধ্যে পৌর নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। এতে ভোটার তালিকা প্রস্তুত, সিডি সরবরাহ, মনোনয়নপত্র ছাপানো, ভোটকেন্দ্র নির্ধারণ, ইভিএম উপযোগীকরণ, প্রশিক্ষণ, বাজেট বরাদ্দ, নির্বাচনী সামগ্রী, প্রয়োজনীয় ম্যানুয়েল-নির্দেশিকা প্রস্তুতি, আইন শৃঙ্খলাসভাসহ তফসিল ঘোষণার আগে-পরের কাজ গুছিয়ে রাখা হয়েছে।
দেশের পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়।
স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়।
সর্বশেষ ২০১৫ সালে ২৪ নভেম্বর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৩৬ দিন সময় দিয়ে ভোটের তারিখ দেওয়া হয় ৩০ ডিসেম্বর। এক দিনে ভোট হয় ২৩৪টি পৌরসভায়। বাকিগুলোয় মেয়াদোত্তীর্ণের তারিখ বিবেচনায় ও বিভিন্ন জটিলতা সেরে ভোট হয়।
মার্চে করোনাভাইরাস সংক্রমণের কারণে স্থানীয় সরকার নির্বাচন আটকে যায়। পাশাপাশি সংসদের শূন্য আসনের ভোট বিশেষ পরিস্থিতিতে পরবর্তী ৯০ দিনে ভোট করা হয়।
২১ মার্চের পর ১৪ জুলাই, ২৬ সেপ্টেম্বর, ১৭ অক্টোবর ও ১২ নভেম্বরে সংসদীয় আসনের উপনির্বাচন হয়েছে।
আটকে থাকা স্থানীয় সরকারের নির্বাচনগুলো শুরু হবে বলে ইতোমধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বর থেকে নির্বাচন উপযোগী সব নির্বাচন যথাসময়ে করা হবে। গেল ১০ অক্টোবর ও ২০ অক্টোবর স্থানীয় সরকারের সাধারণ ও উপ নির্বাচন হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ও ১৩ ডিসেম্বর স্থানীয় সরকারের আরও শখানেক পদে ভোটের কথা রয়েছে।
