আকাশপথে দুর্ঘটনায় ক্ষতিপূরণ বাড়াতে বিল পাস
আকাশপথে পরিবহনের সময় দুর্ঘটনায় যাত্রী আহত বা নিহত হলে এবং ব্যাগেজ নষ্ট বা হারিয়ে গেলে ক্ষতিপূরণের পরিমাণ বাড়াতে এ সংক্রান্ত আইনে অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ।
মঙ্গলবার সংসদে ‘আকাশপথে পরিবহন (মন্ট্রিয়ল কনভেনশন) বিল-২০২০’ সংসদে পাসের প্রস্তাব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন।
গত ২৩ জুন বিলটি সংসদে তোলা হয়। পরে বিলটি ১ মাসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
পাস হওয়া আইনে আকাশপথে পরিবহনের সময় যাত্রীর মৃত্যু বা আঘাতপ্রাপ্ত হলে ক্ষতিপূরণ বাড়িয়ে এক কোটি ১৭ লাখ ৬২ হাজার ৩৩৪ টাকা করা হয়েছে। আগে এর পরিমাণ ছিল ২০ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, “কনভেনশনের আলোকে নতুন আইন না হওয়ায় কোনো দুর্ঘটনার জন্য বর্তমানে প্রচলিত আইনে ক্ষতিপূরণের পরিমাণ খুবই কম এবং তা আদায়ের পদ্ধতি অষ্পষ্ট, সময়সাপেক্ষ ও জটিল।
“এ অবস্থা থেকে উত্তরণের জন্য আকাশে চলাচলকারী যাত্রীর অধিকার সুরক্ষা, মালামাল পরিবহন নিশ্চিত করা এবং যাত্রীর মৃত্যু ঘটলে ক্ষতিপূরণ প্রায় ৬ গুণ বৃদ্ধি এবং আদায় পদ্ধতি সহজ করতে আইনটি প্রয়োজন।”
১৯২৯ সালের ওয়ারশ কনভেনশনের আলোকে বর্তমানে প্রচলিত ‘দ্য ক্যারেজ বাই এয়ার অ্যাক্ট-১৯৩৪’, ‘দ্য ক্যারেজ বাই এয়ার (ইন্টারন্যাশনাল কনভেনশন) অ্যাক্ট-১৯৬৬’ এবং ‘দ্য ক্যারেজ বাই এয়ার (সাপ্লিমেন্টারি কনভেনশন) অ্যাক্ট-১৯৬৮ দিয়ে এতদিন এসব বিষয়েও নিষ্পত্তি করা হত।
এই তিনটি আইনে প্রাণহানি, আঘাত ও ব্যাগেজ নষ্ট বা হারানোর ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ কম ছিল। ক্ষতিপূরণ বাড়াতে আন্তর্জাতিকভাবে ১৯৯৯ সালে মন্ট্রিয়ল কনভেনশন গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ওই কনভেনশনে ১৯৯৯ সালে স্বাক্ষর করলেও অনুসমর্থন বাকি থাকায় এতদিন তা কার্যকর হয়নি।
এখন মন্ট্রিয়ল কনভেনশনে অনুসমর্থন দিয়ে নতুন এই আইন করায় ক্ষতিপূরণের পরিমাণ বাড়বে এবং নিয়মও সহজ হবে।
নতুন আইন কার্যকর হলে ফ্লাইট বিলম্বের কারণে পরিবহনকারীর দায় ২০ ডলারের পরিবর্তে পাঁচ হাজার ৭৩৪ ডলার, ব্যাগেজ নষ্ট হলে বা হারিয়ে গেলে প্রতি কেজিতে ২০ ডলারের পরিবর্তে এক হাজার ৩৮১ ডলার এবং কার্গো বিমানের মালামাল নষ্ট বা হারালে প্রতি কেজিতে ২০ ডলারের পরিবর্তে ২৪ ডলার ক্ষতিপূরণ মিলবে।
যাত্রীর মৃত্যুর ক্ষেত্রে তার সম্পত্তির বৈধ উত্তরাধিকারীদের মধ্যে ক্ষতিপূরণের অর্থ ভাগ করা যাবে। এয়ারওয়েজ বা বীমা কোম্পানির সঙ্গে আলোচনার ভিত্তিতে অথবা আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা যাবে।
