২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ৯৮ ভাগ মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে: মন্ত্রী

বর্তমানে বাংলাদেশের ৯৮ ভাগ মানুষ বিশুদ্ধ পানি পানের সুযোগ পাচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2020, 08:38 PM

Updated : 18 Aug 2022, 04:06 PM

যে দুই ভাগ মানুষ বিশুদ্ধ পানি পানের সুযোগ বঞ্চিত হচ্ছে, তারা দূরবর্তী উৎস থেকে পানি সংগ্রহ করে থাকে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের ২০১৯ সালের প্রতিবেদনের উদ্বৃতি দিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান।

বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাব মন্ত্রী জানান, সরকার সকলের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২১ হাজার ৪৮০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ৪৭টি প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানির উৎস স্থাপন করা হচ্ছে।

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে শতভাগ মানুষের বিশুদ্ধ পানি পাওয়া নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী জানান।

এক্ষেত্রে নলকূপের বিকল্প হিসেবে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে পাতকুয়া, বৃষ্টির পানি ধারক, পুকুর পাড়ে বালির ফিল্টার ইত্যাদি স্থাপন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, “শতভাগ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে আট হাজার ৮৫০ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে পল্লী এলাকায় উপযোগী প্রায় ৬ লাখ সেফলি ম্যানেজড পানির উৎস স্থাপনের পাশাপাশি শহরের মতো গ্রামে পাইপলাইনে প্রদানে ৪৯১টি রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম এবং আট হাজার ৮৩৮টি কমিউনিটিভিত্তিক পানি সরবরাহ ইউনিট স্থাপনের কাজ চলমান রয়েছে।”

আর্সেনিক ঝুঁকিপূর্ণ ৩১টি জেলার ১১৭ উপজেলার এক হাজার ২৯০টি ইউনিয়নে প্রায় দুই লাখ নিরাপদ পানির উৎস স্থাপনের কাজ চলছে।

মন্ত্রী বলেন, হাওর অঞ্চলের ৬টি জেলার ৫৪টি উপজেলার ৩৪০টি ইউনিয়নে নিরাপদ পানি ও স্যানিটেশনের লক্ষ্যে পৃথক একটি প্রকল্প অনুমোদিত হয়েছে।এছাড়া নতুন ১০০টি পুকুর খনন ও এক হাজার ৮টি পুকুর পুন:খননের কার্যক্রম চলমান রয়েছে।