২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আনিসুল হত্যামামলা: মাইন্ড এইডের আরও দুই কর্মীর স্বীকারোক্তি  

পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যামামলায় মাইন্ড এইড হাসপাতালের দুই কর্মী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2020, 01:58 AM

Updated : 18 Aug 2022, 04:06 PM

তারা হলেন- হাসপাতালের ব্যবস্থাপক (বিপণন) আরিফ মাহমুদ জয় ও ওয়ার্ডবয় সজীব চৌধুরী।

হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সোমবার তাদের ঢাকার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (অপারেশন) ফারুক মোল্লা।

তিনি আদালতে বলেন, দুই আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন।

এরপর ঢাকা মহানগর হাকিম মাসুদ-উর-রহমান তার খাস কামরায় জবানবন্দি রেকর্ড করে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোববার হাসপাতালের রাঁধুনী মাসুদ খান ও ওয়ার্ডবয় অসীম চন্দ্র পাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

রিমান্ডে থাকা অন্য আসামিরা হলেন- মাইন্ড এইড হাসপাতালের কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, ফার্মাসিস্ট মো. তানভীর হাসান, ওয়ার্ডবয় মো. তানিম মোল্লা, জোবায়ের হোসেন, মো. লিটন আহাম্মদ ও মো. সাইফুল ইসলাম পলাশ।

গত ৯ নভেম্বর ঢাকার আদাবরের মাইন্ড এইড হাসপাতালে মানসিক রোগের চিকিৎসা নিতে গিয়ে মারধরের শিকার হয়ে মারা যান এএসপি আনিসুল।

মাইন্ড এইড হাসপাতালের অন্দরে যা দেখা গেল

মাইন্ড এইড হাসপাতালে তালা, চিকিৎসক গ্রেপ্তার

এএসপি আনিসুলকে হত্যায় ১০ হাসপাতালকর্মী রিমান্ডে

আনিসুল হত্যামামলা: মাইন্ড এইডের দুই কর্মীর স্বীকারোক্তি    

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আনিসুল উচ্ছৃঙ্খল আচরণ করায় কর্মচারীরা তাকে শান্ত করার চেষ্টা করছিলেন।

ঘটনার পর হাসপাতালের ‘অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট রুমে’ আনিসুলকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, আনিসুলকে ৬ থেকে ৭ জন মাটিতে ফেলে চেপে ধরে আছেন, দুজন তকে কনুই দিয়ে আঘাত করছিলেন।

হাসপাতালের ব্যবস্থাপক আরিফ মাহমুদও তখন পাশে দাঁড়িয়ে ছিলেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদ পরদিন সাংবাদিকদের বলেন, ৮-৯ জন লোক মিলে আনিসুলকে এলোপাতাড়ি মারধর করন। তারা সবাই হাসপাতালের ওয়ার্ডবয়, ক্লিনার।

আনিসুলের মৃত্যুর পর তার বাবা ফাইজ্জুদ্দিন আহমেদ মোট ১৫ জনকে আসামি করে আদাবর থানায় হত্যা মামলা করেন। পুলিশ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র আনিসুলের বাড়ি গাজীপুরে; তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন।

এক সন্তানের জনক আনিসুল পারিবারিক ঝামেলার কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে ঢাকার আদাবরের ওই হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন বলে তার স্বজনরা জানান।