শ্রমিক বিক্ষোভে অবরুদ্ধ গার্মেন্ট মালিক
বকেয়া বেতন নিয়ে চলমান বিবাদ নিরসনে এক সমঝোতা সভায় ড্রাগন সোয়েটারের মালিক মোস্তফা গোলাম কুদ্দুসকে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিল শ্রমিকরা।
রোববার দুপুর ১২টার পর রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনে মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়।
কিন্তু বিকাল ৩টার দিকে সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হলে বিজিএমইএর সাবেক সভাপতি কুদ্দুসকে অবরুদ্ধ করে ফেলে তার মালিকানাধীন ড্রাগন সোয়েটার ও ইম্পেরিয়াল সোয়েটারের চাকরিচ্যুত কর্মীরা।
চলতি সপ্তাহের মধ্যেই আরেকটি উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার আশ্বাসে সন্ধ্যা ৭টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
বেশ কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মার্চে করোনাভাইরাস মহামারীর সাধারণ ছুটির সুযোগ নিয়ে পুরোনো কর্মীদের ছাঁটাইয়ের উদ্যোগ নেয় ড্রাগন সোয়েটার। ছাঁটাই করলেও শ্রমিকদের দীর্ঘদিনের পাওয়া পরিশোধ করেনি মালিকপক্ষ।
মীর পশন আলী নামের একজন চাকরিচ্যুত কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১২ অক্টোবর শ্রম অধিদপ্তরের মধ্যস্ততায় মালিকপক্ষ চার ধাপে বকেয়া দিতে চুক্তিবদ্ধ হয়। কিন্তু ৭ নভেম্বর বকেয়া পরিশোধের প্রথম তারিখে চুক্তি অনুযায়ী আর অর্থ পরিশোধ করেনি মালিকপক্ষ।
“তারা নামেমাত্র কিছু টাকা শ্রমিকের হাতে ধরিয়ে দিয়ে পার পেতে চাচ্ছে। এসব কারণে আমরা আবার আন্দোলন নামতে বাধ্য হয়েছি।”
চুক্তি অনুযায়ী শ্রমিকদের সার্ভিস বেনিফিট, অর্জিত ছুটি ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ দাবি করে আসছেন শ্রমিকরা। কিন্তু মালিক পক্ষ কারখানার কর্মকর্তা এবং চুক্তিভিত্তিক শ্রমিকদের কোনো সুবিধা দিতে রাজি হচ্ছেন না। কেবল নিরাপত্তা সঞ্চয়ের নামে নিয়মিত শ্রমিকদের কিছু অর্থ পরিশোধ করে বিদায় করতে চাচ্ছেন।
সমঝোতার আলোচনায় ড্রাগন সোয়েটারের চেয়ারম্যান গোলাম কুদ্দুস ছাড়াও বিকেএমইএর সহ সভাপতি মোহাম্মদ হাতেমও ছিলেন।
হাতেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকরা আলোচনার নামে এভাবে জিম্মি করে ফেললে ভবিষ্যতে আর এধরনের আলোচনায় যাওয়া যাবে না। তারা গায়ের জোরে খাম খেয়ালিভাবে বকেয়া দাবি করছে।”
তিনি বলেন, দেশের প্রচলিত নীতিমালা ও শ্রম আইন অনুযায়ী চাকরিচ্যুতির জন্য বিভিন্ন রকম আর্থিক সুবিধা পাবেন কেবল নিয়মিত শ্রমিকরা।
“ড্রাগন কারখানার মালিক গোলাম কুদ্দুস সাহেব শ্রমিকের পাওনা পরিশেধ করে দিতে চাইছেন। কিন্তু তারা এমন কিছু দাবি উত্থাপন করেছেন, যা শ্রম আইন বা অন্য কোনো নীতিমালা দিয়ে পালন করা সম্ভব নয়।”
আন্দোলনকারীদের মধ্যে শ্রমিক ছাড়াও কারখানার কর্মকর্তা পর্যায়ের কয়েকজন রয়েছে দাবি করে হাতেম বলেন, “আইনে শ্রমিক ছাড়া অন্য কোনো পর্যায়ের পোশাককর্মীকে অবসরের সুবিধা দেওয়ার কথা বলা নেই। ফলে যেই চুক্তি করা হয়েছিল তা পালন করা সম্ভব নয়। বিষয়টি নিয়ে আচিরেই আবার আলোচনায় বসব।”
