ব্যারিস্টার আসিফ হত্যামামলায় আসামিদের জামিন
ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান জিসাদ হত্যামামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তার স্ত্রী সাবরিনা শহীদ নিশিতাসহ চারজন।
অন্যরা হলেন- আসিফের শ্বশুর এ এস এম শহিদুল্লাহ মজুমদার, শ্বাশুড়ি রাশেদা শহীদ ও শ্যালক সায়মান শহীদ নিশাত।
রোববার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তাদের জামিনের আদেশ দেন।
ঢাকার কাঁঠালবাগানে বহুতল এক ভবনের নয় তলায় শ্বশুরবাড়ি থেকে পড়ে গত ১১ সেপ্টেম্বর মারা যান ৩৩ বছর বয়সী সুপ্রিম কোর্টের এই আইনজীবী।
শ্বশুরবাড়ির লোকজন একে আত্মহত্যা বললেও আসিফের বাবা শহিদুল ইসলাম খানের অভিযোগ, তার ছেলেকে হত্যা করা হয়েছে।
পরদিন তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চারজনের বিরুদ্ধে হত্যামামলা করেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, চার আসামি ১৫ নভেম্বর পর্যন্ত হাই কোর্ট থেকে আগাম জামিনে ছিলেন। রোববার তারা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন চান।
“তবে মামলার মূল নথি মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখা থাকায় তা তলব করে আগামী ২২ নভেম্বর জামিন বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করা হয়। সেই পর্যন্ত আসামিরা অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।”
পুরনো খবর
