শাহবাগে মোমবাতি জ্বেলে এএসপি আনিসুল হত্যার প্রতিবাদ
রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে পুলিশের সহকারী কমিশনার আনিসুল করিম শিপনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোমবাতি জ্বেলে বিক্ষোভ দেখিয়েছেন ৩১তম বিসিএস ক্যাডাররা।
শনিবার সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র আনিসুল করিম ৩১তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। এক সন্তানের জনক আনিসুলের বাড়ি গাজীপুরে। সর্বশেষ তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন।
মানসিক চিকিৎসার জন্য ৯ নভেম্বর আনিসুলকে মাইন্ড এইড হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্মচারীদের মারধরে তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।
৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী বলেন, “আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের প্রতি আহ্বান থাকবে, শিপন হত্যার বিচারের মাধ্যমে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিপনকে জীবন দিতে না হয়।
“বাংলাদেশে এ রকম ক্ষতির সম্মুখীন যাতে আর না হতে হয়, সেজন্যে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, বিভন্নি জায়গায় চিকিৎসার নামে অবৈধভাবে যেসব হাসপাতাল গড়ে উঠেছে, চিকিৎসার নামে যারা অপচিকিৎসা দিচ্ছে, যাদের কোনো সরকারি অনুমোদন নাই, চিকিৎসার নামে জনগণকে বিভ্রান্ত করছে, এগলোকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এটা শুধু প্রশাসনেরই দ্বায়িত্ব নয়, সেখানকার জনপ্রতিনিধি কিংবা অন্যান্য প্রতিবেশী যারা আছে, তাদের দ্বায়িত্ব এধরনের প্রতিষ্ঠানের মুখোশ উন্মোচন করা।”
এসময় অন্যদের মধ্যে ৩১তম বিসিএস ক্যাডার রমনা জোন পুলিশের এডিসি হারুনুর রশিদ বক্তব্য দেন।
