২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করে যাচ্ছি: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মানবতাকে অগ্রাধিকার দিয়ে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2020, 11:11 PM

Updated : 10 Oct 2022, 07:33 PM

ক্যাথলিক বিশপস কনফারেন্স অব বাংলাদেশের (সিবিসিবি) সভাপতি প্যাট্রিক ডি রোজারিওর নেতৃত্বে খ্রিস্টান সম্প্রদায়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাতে গেলে তাদের একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব কিছুর আগে মানবতাকে অগ্রাধিকার দিতেন এবং জনগণের প্রতি তার ভালবাসা ছিল সীমাহীন। আমি এখন যা করছি, তা জাতির পিতার আদর্শের প্রতিচ্ছবি।”

সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে ১৯৯৬ সালে সরকার গঠনের পর কুষ্ঠ রোগীদের ঘর করে দিয়ে তাদের পুনর্বাসিত করার কথা উল্লেখ করেন তিনি। বেদে এবং হিজড়া সম্প্রদায়ের পুনর্বাসনেও আওয়ামী লীগ সরকার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, করোনাভাইরাস মহামারী মোকাবেলায় অসহায় মানুষের জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেওয়া বিভিন্ন উদ্যোগের ভুয়সী প্রশংসা করেছেন তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা প্রতিনিধি দলের সদস্যরা।

“তারা প্রধানমন্ত্রীকে বলেছেন, যে কোনো পরিস্থিতিতে খ্রিস্টান সম্প্রদায় সর্বদা তার পাশে থাকবে।”

জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রীর উদারতার প্রশংসা পোপ ফ্রান্সিস করেছেন বলে প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান।

প্রতিনিধি দলের সদস্যরা ‘মুজিববর্ষ’ উপলক্ষে তাদের গ্রহণ করা বিভিন্ন কর্মসূচির কথা প্রধানমন্ত্রীকে অবহিত করে বলেন,কর্মসূচির অংশ হিসেবে তারা মোট ৭ লাখ গাছ লাগাবেন এবং ইতোমধ্যে সাড়ে ৩ লাখ গাছ লাগানো হয়েছে।

প্রতিনিধি দলের সদস্যরা টুঙ্গিপাড়া গিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বলেও জানান।

প্রেস সচিব বলেন,‘মুজিববর্ষ’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান।

প্রতিনিধি দলে ছিলেন ঢাকায় সদ্য নিয়োগপ্রাপ্ত আর্চ বিশপ বিজয় ডি ক্রুজ, কূটনীতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি।

সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

স্মারক ডাকটিকেট উন্মোচন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক ডাকটিকেট উন্মোচন করেছেন।  

বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংসদ ভবনের কার্যালয়ে স্মারক ডাকটিকেট উন্মোচন করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। 

এই সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ খান, ডাক অধিদপ্তরের পরিচালক মো.আলতাফুর রহমান উপস্থিত ছিলেন।