কোভিড-১৯ আক্রান্ত পানিসম্পদ সচিব
পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সচিবের একান্ত সচিব (পিএস) এস এম সাদিক তানভীর মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
“কয়েকদিন আগে সচিব স্যারের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। প্রথম দিকে সামান্য সর্দি থাকলেও এখন তার শরীরে অন্য কোনো উপসর্গ নেই।”
সচিব বাসায় আইসোলেশনে আছেন জানিয়ে তার পিএস বলেন, “তিনি এখন ভালোর দিকে, কয়েকদিন পর ফের পরীক্ষা করাবেন, আশা করছি রিপোর্ট নেগেটিভ আসবে।”
সপ্তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কবির ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্বে ছিলেন।
