মেডিকেল শিক্ষার্থীদের পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে
নিয়মিত/অনিয়মিত সব ব্যাচের মেডিকেল শিক্ষার্থীদের প্রফেশনাল পরীক্ষা ২০২১ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
সোমবার অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা.এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারীকালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গাইডলাইন ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ পরীক্ষা নেওয়া হবে।
“পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে অন্যান্য পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে অনিয়মিত ব্যাচের চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষা চলমান আছে।”
সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন, মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিএমডিসির প্রতিনিধিদের সঙ্গে একাধিক সভায় আলোচনার পর পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পরীক্ষার নির্দিষ্ট সময়ের এক মাস পূর্বে শুধু পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে হোস্টেলে অবস্থান করবে। এ সময় অন্য কোনো শিক্ষার্থী হোস্টেলে অবস্থান করতে পারবে না।
করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রফ পরীক্ষা না নেওয়া, সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়া ও মহামারীর সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেওয়ায় দাবি জানিয়ে আসছেন মেডিকেল শিক্ষার্থীরা।
সবশেষ গত রোববার শাহবাগে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।
কোনো ধরনের প্রকারের আন্দোলনে অংশ না নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ নিতে শিক্ষার্থীদের অনুরোধ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
“কোভিড-১৯ পরিস্থিতি কিছুটা সহনীয় হওয়ায় এবং চিকিৎসা শিক্ষার শিক্ষার্থীদের ভবিষ্যতে সেশন জট থেকে মুক্ত রাখতে পরীক্ষা নেয়া ছাড়া কোনো বিকল্প নেই। চিকিৎসা শিক্ষা ব্যবস্থা ভিন্নধর্মী হওয়ায় বিদ্যমান বিধিতে পরীক্ষা ব্যতীত অন্য কোনোভাবে একজন শিক্ষার্থীকে পরবর্তী ধাপে উত্তীর্ণ করার সুযোগ নেই,” বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
দেশের ৩৬টি সরকারি ও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালু আছে। এমবিবিএস/বিডিএস শিক্ষার্থীদের বছরের মে ও নভেম্বর এবং ফেব্রুয়ারি ও আগস্ট এ দুটি টার্মে প্রফেশনাল পরীক্ষা দিতে হয়। একজন শিক্ষার্থীকে চিকিৎসক হতে হলে ৪টি প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
