অবৈধ সম্পদ: হাজী সেলিমের আপিলের দ্রুত শুনানি চায় দুদক
অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচারিক আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে হাই কোর্টে সংসদ সদস্য হাজী সেলিমের আপিল দ্রুত শুনানি জন্য আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সোমবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চে তা উপস্থাপন করা হয়।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো.খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির।
খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, “গতকাল আমি দুদক থেকে এ মামলা পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছি। আজ মামলাটি শুনানির জন্য কার্যতালিকাভুক্ত করতে আদালতে আবেদন (মেনশন) করেছি।”
২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
২০০৮ সালের ২৭ এপ্রিল এ মামলার রায়ে বিচারিক আদালত ১৩ বছরের কারাদণ্ড দেয় হাজী সেলিমকে।
পরে ২০০৯ সালের ২৫ অক্টোবর হাজী সেলিম এ রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন। ২০১১ সালের ২ জানুয়ারি হাই কোর্ট ১৩ বছরের সাজা বাতিল করে রায় দেয়।
হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করে দুদক।
ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাই কোর্টের রায় বাতিল করার পাশাপাশি হাজী সেলিমের আপিল পুনরায় হাই কোর্টে শুনানির নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।
সে নির্দেশনার আলোকেই সোমবার দুদক হাজী সেলিমের আপিল দ্রুত শুনানির জন্য আবেদন করে।
