২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজিৎ হত্যামামলায় আরও ৩ জনের সাক্ষ্যগ্রহণ

বিজ্ঞান লেখক মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী দুই হাকিমসহ তিনজন সাক্ষ্য দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2020, 09:18 PM

Updated : 18 Aug 2022, 04:03 PM

রোববার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে তারা সাক্ষ্য দেন।

সাক্ষীরা হলেন- ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব ও সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এবং জব্দ তালিকার সাক্ষী পলাশ চন্দ্র হাওলাদার।

আসামিপক্ষের অন্যতম আইনজীবী খায়রুল ইসলাম লিটন জানান, এ্ই দু্ই হাকিম অভিযোগপত্রে সাক্ষী ছিলেন না। বিচার চলার সময়ে তাদের সাক্ষী করে রাষ্ট্রপক্ষ।

তাদের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আগামী ১৮ নভেম্বর মামলাটির পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেন।

এপর্যন্ত মামলাটিতে অভিযোগপত্রভুক্ত ৩৩ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হল।

হত্যাকাণ্ডের ৫ বছর পর গত বছরের ২৮ অক্টোবর অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়ের (প্রয়াত) জবানবন্দির মধ্য দিয়ে এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসির সামনে আসার পর জঙ্গি হামলার শিকার হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা বিজ্ঞান লেখক অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। হামলাকারীদের চাপাতির আঘাতে নিহত হন অভিজিৎ। বন্যার হাতের একটি আঙুল কাটা পড়ে।

এ ঘটনায় পরে অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গত ১৩ মার্চ আদালতে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর গত ১ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেয় আদালত।

এ মামলার আসামিরা হলেন- বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক, আবু সিদ্দিক সোহেল ওরফে শাহাব, মোজাম্মেল হোসেন ওরফে সাইমুম, আরাফাত রহমান ওরফে সিয়াম, শফিউর রহমান ফারাবী, আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান।

আসামিদের মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের নেতা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে জিয়া এবং আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ পলাতক।

পুরনো খবর:

সাক্ষ্য দিলেন অভিজিতের বাবা