অস্ত্র ও মাদকের মামলায় এসআই জলিলের বিচার শুরু
কুরিয়ার সার্ভিস অফিস থেকে মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার পুলিশের এসআই মো. আব্দুল জলিল মাতব্বরের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
অস্ত্র ও মাদকের রোববার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ৮ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম।
আসামির পক্ষে তার আইনজীবী খলিলুর রহমান অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী সাবিনা ইয়াসমিন অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।
গত ১৯ ফেব্রুয়ারি দারুস সালাম থানা এলাকা থেকে জলিল মাতব্বরকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জের জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে গোপালগঞ্জে বদলি করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, এসআই জলিল মাতব্বর তার বিভিন্ন জিনিসপত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোপালগঞ্জে পাঠিয়েছিলেন। পার্সেলটি রাজধানীর দারুস সালাম এলাকার একটি কুরিয়ার সার্ভিসের অফিসে থাকার সময় তা থেকে মাদকের গন্ধ ছড়াতে থাকে।
ভেতরে নিষিদ্ধ সামগ্রী থাকতে পারে বলে সন্দেহ হওয়ায় কুরিয়ার কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। দারুস সালাম থানা পুলিশ গিয়ে পার্সেল খুলে ৫২৮৯ ইয়াবা, এক কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৪০ দশমিক ৭৫ গ্রাম হেরোইন, ৯ ক্যান বিয়ার, ৯৮৮ পিস ইয়াবাসদৃশ সাবলেট এবং ২৭ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তল উদ্ধার করে।
ওই দিনই তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দারুস সালাম থানায় পরিদর্শক (নিরস্ত্র) দুলাল হোসেন দুটি মামলা করেন।
ওই থানার এসআই (নিরস্ত্র) নজরুল ইসলাম অস্ত্র মামলায় ২২ মার্চ ও ৯ জুলাই মাদক মামলায় আদালতে অভিযোগপত্র দেন।
