২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরফান ও তার দেহরক্ষী আরও ৫ দিনের রিমান্ডে

হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল মোল্লাকে অস্ত্র ও মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2020, 05:08 PM

Updated : 18 Aug 2022, 04:03 PM

পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম রোববার দুই আসামিকে অস্ত্র মামলায় তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

আরেক মহানগর হাকিম সত্যব্রত শিকদার মাদক মামলায় আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চকবাজার থানার পরিদর্শক (অপারেশনস) মুহাম্মদ দেলোয়ার হোসেন এ দুই মামলার তদন্ত কর্মকর্তা । গত ২৯ অক্টোবর তিনি দুই আসামিকে চার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করেন।

রোববার আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করার পর প্রথমে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আদালত। পরে দুই মামলায় রিমান্ড শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ড আবেদনের শুনানি করেন। অন্যদিকে আসামিদের পক্ষে এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন আইনজীবী শ্রী প্রাণনাথ।

শুনানিতে তিনি বলেন, “অস্ত্র মামলায় যার সামনে ও নেতৃত্বে কথিত অস্ত্র উদ্ধার হয়েছে বলা হচ্ছে, জব্দ তালিকায় তাকে সাক্ষী করা হয়নি কেন? অর্থাৎ ভ্রাম্যমাণ আদালতের হাকিম সরোয়ার আলমকে কেন সাক্ষীর তালিকায় রাখা হয়নি? বিষয়টি সন্দেহের উদ্রেক করে। ভুয়া সাজানো ঘটনা বলেই এ রকম করা হয়।”

আর মাদক মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, “মাদক উদ্ধারের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তো সাজাই দিয়েছে। আবার কেন মামলা? ফৌজদারী কার্যবিধি বা সংবিধানের আলোকে এটা করা যায় না। এক মুরগিকে কি দুই বার জবাই করা যায়?”

নৌবাহিনী কর্মকর্তাকে মারধর: ইরফানের দেহরক্ষীর দোষ স্বীকার  

পুরান ঢাকায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গত ২৫ অক্টোবর রাতে নৌবাহিনীর লেফটেন্যান্ট মো. ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনায় ধানমণ্ডি থানায় ইরফান ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা হয়।

পরদিন ঢাকার সোয়ারিঘাটের দেবী দাস লেইনে সাংসদ হাজী সেলিমের বাড়িতে দিনভর অভিযান চালায় র‍্যাব। তল্লাশিতে সেখানে আগ্নেয়াস্ত্র, মাদক ও ওয়াকিটকি পাওয়ায় কথা জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে।

এ সময় মাদক রাখায় ইরফানকে এক বছর এবং অবৈধভাবে ওয়াকিটকি রাখায় ছয় মাসের কারাদণ্ড দেয় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আর তার দেহরক্ষী জাহিদকে ওয়াকিটকি বহন করার দায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

২৭ অক্টোবর চকবাজার থানায় ওই দুইজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও চারটি মামলা করা হয় র‌্যাবের পক্ষ থেকে। সেসব মামলাতেই রোববার তাদের রিমান্ডে পাঠাল আদালত।

এর আগে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় ইরফান ও জাহিদুলকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের সাজায় কারাগারে যাওয়ায় ইতোমধ্যে ইরফানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।