‘সাম্প্রদায়িক অপশক্তিকে থামাতে হবে এখনই’
গুটিকয়েক মানুষ সরকারকে উৎখাত করতে বুড়িমারী, মুরাদনগরের মতো সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।
এদের দৌরাত্ম্য দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়ে তারা বলেছেনন, এদের দমাতে না পারলে এরা সরকারকে ডোবাবে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিনাজপুরের পার্বতীপুর, কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু এলাকায় আক্রমণ, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, ছাত্রদের ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি, ধর্মপ্রাণ শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সভা-সমাবেশে ভিন্ন ধর্মের প্রতি অব্যাহত কটূক্তির প্রতিবাদে শনিবার সকালে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে ঐক্য পরিষদ ।
সমাবেশে যুক্ত হয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি ঊষাতন তালুকদার বলেন, “আজকে গুটিকয়েক সাম্প্রদায়িক কারবারি দেশে আন্তর্জাতিক ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করছে । কারা এসব করছে সকলে জানেন। তারা এসব করছে এ সরকারকে ডুবানোর জন্য।
অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, “যারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য সরকারকে উৎখাত করা। সরকারকে বলছি, দুধ কলা দিয়ে সাপ পুষবেন না। যখনই সুযোগ পাবে তখনই ছোবল দেবে। আমরা এই বাংলাকে কোনোভাবেই ইসলামিক রিপাবলিক রাষ্ট্র বা তালেবানী রাষ্ট্র করতে দেব না।”
তিনি বলেন, “আজকের রাজাকার-আলবদররা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। মুরাদনগরের ওসি বলেছেন তিনি আগুন নিভিয়েছেন। আগের দিন যে মিটিং হল, সে মাইকওয়ালাকে কেন গ্রেপ্তার করা হলো না, কেন সতর্ক করা হলো না?
“আজকে মুক্তিযোদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ করব, এই ঘটনায় যদি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির বিরুদ্ধে সম্পৃক্ততা বা গাফিলতি পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।”
“মিথ্যা অজুহাতে ধরপাকড় বন্ধ করতে হবে । ওয়াজ ও ধর্মীয় সভায় অন্য ধর্মের নামে যে কটূক্তি করা হচ্ছে তাতে প্রশাসনিক বিধিনিষেধ আরোপ করতে হবে। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হলেও বিচার ত্বরান্বিত করতে হবে।”
সমাবেশে সংহতি জানাতে এসে সাংবাদিক আবেদ খান বলেন, “আমাদের মুক্তিযুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি। যতদিন পর্যন্ত দেশ থেকে ধর্মের রাজনীতি ব্যর্থ করতে না পারব ততদিন পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধ শেষ হবে না। আজকে মুক্তিযুদ্ধের চেতনার সরকার যখন ক্ষমতায় তখন আমাদের দুর্ভাগ্যের ব্যাপার যে, আমরা এই সংখ্যালঘু নির্যাতনের কথা বলছি, লজ্জার বিষয় দুর্বৃত্তের সন্ধান করতে সরকারকে অনুরোধ করতে হচ্ছে, আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে।
তিনি বলেন, “রামুতে, নাসিরনগরে যখন হামলা হয়েছে আমরা গিয়েছি। আমরা মুরাদনগরেও যাব। ধর্ম ও মানবতা ও বিশ্বাসে মানুষকে কিভাবে সম্পৃক্ত করা যায় আমরা সেই চেষ্টাই করব। ধর্ম কোনো অবস্থাতে একটা মানুষের অধিকারকে ক্ষুন্ন করতে পারে না।”
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতা নির্মল রোজারিও বলেন, ২০১২ সাল থেকে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েছে সেসব ঘটনা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এখনই সময় এসেছে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করা। তাদের একটাই পরিচয় তারা সাম্প্রদায়িক হামলাকারী।
সমাবেশে সংহতি জানান তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব ফারুকী।
মুরাদনগরে কুরবানপুর এই যে বাড়িতে হামলা হয়েছিল সেই বাড়ির সদস্য পিয়াস কুমার শিব বলেন, “ঘটনার পিছনে কারা তা যদি উন্মোচন করা না হয় তাহলে এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে। ধর্মকে ঢাল তৈরি করে তারা বারবার সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর করবে নির্যাতন করবে।”
বেলা সাড়ে ১০টায় সমাবেশ শুরু হয়। পরে বেলা সোয়া ১২ টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘর থেকে বিক্ষোভ মিছিল বের করে ঐক্য পরিষদ। মিছিলটি ঢাকা ক্লাবের সামনে থেকে ঘুরে এসে শাহবাগ মোড়ে জমায়েত হয়। বিক্ষুব্ধরা সড়কে বসে গেলে মিনিট পাঁচেকের জন্য শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা সড়ক ছেড়ে চলে যায়।
