সব মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ হবে: তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন মার্কেটের খালি জায়গায় গড়ে তোলা অবৈধ সব দোকান উচ্ছেদের ঘোষণা দিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার রাজধানীর কাপ্তান বাজারে আধুনিক জবাইখানা নির্মাণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি বলেন, উত্তরাধিকারসূত্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ‘অনেক জঞ্জাল’ পেয়েছেন তিনি। পর্যায়ক্রমে সবগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
“কোনোটাই আমরা ছাড় দিচ্ছি না। আপনারা কিছু দিন পরে জানতে পারবেন। আমাদের যতগুলো নিজস্ব মার্কেটে আছে এবং সে মার্কেটগুলোতে যত অবৈধ দোকান আছে, আমরা পর্যায়ক্রমে সবগুলো উচ্ছেদ করব।”
এরইমধ্যে একটি মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদের কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান তিনি।
ডিএসসিসির অনেক মার্কেটের নিচ তলা, গাড়ি পার্কিংয়ের জায়গায় দোকান করা হয়েছে। দোকান মালিক সমিতি এসব দোকান বানিয়েছে বলে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, এই কাজের জন্য মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি- এমআইএসটিকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে।
“মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আমরা আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার করব। এমআইএসটি একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে, আমরা তার উপর কাজ করছি। সেখানে নান্দনিক পরিবেশ সৃষ্টি করব।”
পরে ১১ নম্বর ওয়ার্ডের ঝিলপাড় এবং ১২ নম্বর ওয়ার্ডের ইন্দুপুর খাল পরিদর্শন করেন মেয়র তাপস।
এ সময় ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামানসহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
