২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগীয় শহরগুলোতে ধর্ষণবিরোধী সমাবেশের ডাক

নোয়াখালী অভিমুখে লংমার্চসহ শাহবাগে প্রায় এক মাস নানা কর্মসূচি পালনের পর দেশের বিভাগীয় শহরগুলোতে ধর্ষণবিরোধী সমাবেশের ডাক দিয়েছে বাম সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 01:33 AM

Updated : 18 Aug 2022, 04:02 PM

৪ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ স্থান ও শ্রমিক অঞ্চলগুলোতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকালে শাহবাগে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স জানান, আগামী ৮ নভেম্বর সাভার, ১৬ নভেম্বর সিলেট, ১৫ নভেম্বর খাগড়াছড়ি, ২৭ নভেম্বর চট্টগ্রাম, ৩০ নভেম্বর রংপুর, ১ ডিসেম্বর রাজশাহী, ৪ ডিসেম্বর খুলনা, ৫ ডিসেম্বর বরিশাল, ৮ ডিসেম্বর ময়মনসিংহে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে নয় দফা দাবিতে ৫ অক্টোবর থেকে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে শাহবাগে সাংস্কৃতিক সমাবেশ, নারী সমাবেশ, সাইকেল শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালন করে সংগঠনগুলো। এরপর ১৬-১৭ অক্টোবর নোয়াখালী অভিমুখে লংমার্চ করে তারা।

প্রিন্স বলেন, “আমরা যদি গত দুই দশক ধরে বাংলাদেশে যত ধর্ষণ ও নারী-শিশুর নির্যাতন-সহিংসতার মামলাগুলোর দিকে তাকাই, সেখানে বিচারহীনতাই পাওয়া যাবে। অপরাধীদের ৯৯.২৩ শতাংশই কোনো শাস্তি পায়নি। অর্থাৎ প্রায় শতভাগ ধর্ষক ও নারী-শিশ নির্যাতক বিচার ও শাস্তির বাইরে থেকে যাচ্ছে; এটাকেই বলে বিচারহীনতার অপসংস্কৃতি।”

বিচার না হলে আইনে শাস্তির মাত্রা বাড়িয়েও কোনো ফল আসবে না বলে মনে করেন তিনি।

প্রিন্স বলেন, “ধর্ষণ ও বিচারহীনতায় মানুষ যখন চরমভাবে বিক্ষুব্ধ হয়ে সরকারের দিকে আঙুল তুলেছে, তখন সরকার এই আইন সংশোধনের মাধ্যমে দেখাতে চেয়েছে ধর্ষকদের বিচারের ব্যাপারে তারা খুব উদ্যোগী।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবা্দী) সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাখাওয়াত ফাহাদ, ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি সৈকত আরিফ, উদীচীর কেন্দ্রীয় সম্পাদক আরিফ নূর, নারীমুক্তি কেন্দ্রের অর্থ সম্পাদক নাঈমা খালেক মনিকা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নিখিল দাস, পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা।