তাড়াহুড়ো করে রেল গেইট পার হতে গিয়ে জীবনের ওপারে
ঢাকার মগবাজার লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন।
ট্রেন আসার আগে লেভেল ক্রসিংয়ে বার নামানোর পরও মোটর সাইকেলচালক তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে প্রত্যক্ষদর্শী ও রেল কর্মকর্তারা জানিয়েছেন।
সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে কমলাপুর রেলওয়ে থানার ওসি রকিবুল হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৭টার কিছু পরে কমলাপুর ছেড়ে আসা একটি ট্রেন মগবাজার ক্রসিং অতিক্রম করছিল।
“ওই সময় রেল গেইটের বার নামানো হলেও মোটর সাইকেলটি তা পার হয়ে যাচ্ছিল। এসময় ট্রেনের ধাক্কায় দুই আরোহীই ছিটকে পড়ে যায়।”
এতে ঘটনাস্থলেই একজন মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অন্যজনের মৃত্যু ঘটে।
দুজনের মধ্যে একজনের নাম সুমন দাস (৪৮) বলে জানা গেছে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে একই সময়ে ক্যান্টনমেন্ট লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ মারা গেছেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যান্টনমেন্ট ক্রসিং পার হওয়ার সময় অজ্ঞাত পরিচয়ের ৬০ বছর বয়সী ওই ব্যক্তি চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত হন বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।
