২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিকে শামীমের মুদ্রা পাচার মামলায় অভিযোগ গঠন পেছাল

আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের সাত দেহরক্ষীকে কারাগার থেকে আদালতে হাজির না করায় মুদ্রা পাচার মামলায় অভিযোগ গঠন পিছিয়ে গেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 06:58 PM

Updated : 08 Apr 2022, 01:34 AM

সোমবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন হওয়ার কথা ছিল।

কিন্তু কারা কর্তৃপক্ষ শামীম ছাড়া অন্য আসামিদের হাজির করতে না পারায় বিচারক অভিযোগ গঠন পিছিয়ে ১০ নভেম্বর নতুন তারিখ রাখেন।

এদিন শামীমের পক্ষে অব্যাহতির আবেদনের শুনানি করেন তার আইনজীবী মো. তারিকুল ইসলাম তারেক এবং আব্দুল খালেক। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু।

শামীম ছাড়া এ মামলার অপর আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

কেন ওই সাতজনকে কাশিমপুর কারাগার থেকে আনা হল না জানতে চাইলে এ আদালতের পেশকার শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাজতি পরোয়ানায় এ বিষয়ে কিছু লেখা নেই। তবে আমার মনে হয় আজ হেফাজতে ইসলামের কর্মসূচির করণে রাস্তাঘাট নিরাপদ নয় বলে কারা কর্তৃপক্ষ তাদের প্রিজন ভ্যানে করে আদালতে পাঠায়নি।”

গত ৫ অক্টোবর সিআইডির দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগ গঠনের শুনানির জন্য মামলাটি ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেন।

রাজসিক ভঙ্গিতে জিকে শামীম

অভিযোগ গঠনের শুনানির জন্য এদিন সকাল সাড়ে ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জিকে শামীমকে আদালতে এনে কাঠগড়ায় হাতলওয়ালা একটি কাঠের চেয়ারে বসানো হয়।

সাড়ে ১০টায় বিচারক আসন নিয়ে অন্য মামলার শুনানি নিতে থাকেন। তার আইনজীবীরাও থাকেন ডাকের অপেক্ষায়। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু আসতে দেরি করায় সময় গড়াতে থাকে।

এ সময় হাফহাতা ধূসর চেক শার্ট পরিহিত জিকে শামীমকে রাজসিক ভঙ্গিতে চেয়ারে বসে অপেক্ষা করতে দেখা যায়। তার মুখে ছিল আকাশি রঙের সার্জিক্যাল মাস্ক, হাতে পানির বোতল।

অপেক্ষার পুরো সময় শামীমের চেহারায় কোনো দুঃশ্চিন্তার ছাপ দেখা যায়নি। এজলাসে তাকে সঙ্গ দেন তার স্ত্রী ও মেয়ে। কাঠগড়ায় বসা অবস্থায় তিনি আইনজীবী আব্দুল খালেকের সঙ্গে কয়েক দফা কথাও বলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী উপস্থিত হলে বেলা ১২টার দিকে শামীমের মামলার শুনানি শুরু হয়। আসামিপক্ষে আইনজীবীরা শুরুতেই বিচারককে জানিয়ে দেন, শামীম ছাড়া অন্য আসামিদের কারাগার থেকে আনা হয়নি।

পরে তারা শামীমসহ আসামিদের জামিন আবেদন করেন এবং সে বিষয়ে শুনানি করেন।

আইনজীবী তারিকুল ইসলাম বলেন, “এক বছর দুই মাস দুই দিন ধরে তারা এ মামলায় কারাগারে রয়েছেন। আমরা হাই কোর্টে গিয়েছিলাম। তাছাড়া আমার মক্কেলের নামে এফডিআরে তার কোনো ভূমিকা নেই। তার অতিরিক্ত কোনো টাকা নেই।”

বিচারক জিজ্ঞাসা করেন, হাই কোর্টে জামিন বিষয়ে কী হল?  উত্তর আসে- ‘নামঞ্জুর হয়েছে’।

আইনজীবী বলেন, যেহেতু অন্য আসামিদের কারাগার থেকে আনা হয়নি, এবং জিকে শামীমের মূল আইনজীবী অসুস্থ, তাই তারা এদিন অব্যাহতির আবেদনের শুনানি করতে চান না।

এ কথায় বিচারক বলেন, “বিকল্প চিন্তা করেন। অসুস্থ থাকলে তার পরিবর্তে অন্য আইনজীবী আনেন। অথবা আপনারাই শুনানি করেন। আমি আর সময় দেব না। “

পরে শামীমের অব্যাহতির আবেদনের ওপর শুনানি হয় এবং বিচারক অভিযোগ গঠনের আদেশের জন্য নতুন তারিখ ঠিক করে দেন।

মামলা বৃত্তান্ত

ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব।

ওই ভবন থেকে নগদ এক কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার ইউএস ডলার, ১৬৫ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার ১০টি এফডিআর, ৩২টি ব্যাংক হিসাবের চেক বই, আটটি আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানানো হয় অভিযান শেষে।

জি কে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে বিল্ডার্সের হাতে সরকারি প্রায় ৬ হাজার কোটি টাকার ২২টি নির্মাণ প্রকল্পের ঠিকাদারি কাজ ছিল। পরে সেগুলোর কার্যাদেশ বাতিল হয়।

ওই অভিযানের পরদিন র‌্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় এই মামলা দায়ের করেন।

তদন্ত চলার মধ্যেই সিআইডির আবেদনে শামীম, তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৯৪ ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয় আদালত।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ গত ৪ আগস্ট আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। তাতে মোট ২৬ জনকে সাক্ষী করা হয়।

শামীমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও দুটি মামলা হয়েছে। এর মধ্যে অস্ত্র মামলায় সাত দেহরক্ষীসহ জিকে শামীমের বিচারও শুরু হয়েছে।