২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআইজি প্রিজন্স বজলুরের জামিন তথ্য গোপন করে: দুদক

উপ মহা কারা পরিদর্শক বজলুর রশীদ তথ্য গোপন করে আদালত থেকে জামিন নিয়েছেন বলে অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 04:53 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

তার সেই জামিন বাতিল করতে ঢাকার জজ আদালতে আবেদন করা হয়েছে। আগামী ২২ নভেম্বর সেই আবেদনের শুনানি হবে বলে দুদকের আইনজীবী জানিয়েছেন।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত ২৯ অক্টোবর ঢাকার বিশেষ জজ ইকবাল হোসেনের আদালত থেকে বজলুরের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ হয়।

তার পরের কার্দিবস রোববার সেই আদেশ বাতিল করতে একই আদালতে আবেদন করেন দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তথ্য গোপন করে অর্থাৎ এর আগে হাই কোর্টের জামিন নামঞ্জুরের আদেশ গোপন করে বজলুরের আইনজীবীরা ঢাকার বিশেষ জজকে অন্ধকারে রেখে জামিন করিয়েছিলেন।

“যে কারণে দুদকের যথাযথ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী তার জামিন বাতিলের আবেদন করেছি। শুনানির জন্য বিচারক আগামী ২২ নভেম্বর তারিখ ঠিক করেছেন।”

দুদকের এই মামলায় গত ২২ অক্টোবর বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই বিচারক।

ওই দিনই তার আইনজীবী জামিন আবেদন করেছিলেন। বিচারক শুনানির জন্য ২৯ অক্টোবর তারিখ ধার্য করেছিলেন।

ডিআইজি প্রিজনস বজলুর রশীদের জামিন  

অভিযুক্ত আসামির কী যুক্তিতে জামিন হল- এ প্রশ্নের উত্তরে তখন ওই আদালতের পেশকার মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “তা আমি বলতে পারব না।

আমি নথিপত্র দেখিনি।

“আসামি পক্ষে জামিন চাওয়া হয়েছে, বিচারক তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। এর বাইরে আমি কিছু জানি না।”

তার জামিন হওয়ার কারণ জানাতে সেদিন ব্যর্থ হয়েছিলেন রাষ্ট্রপক্ষে দৃদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীরও ।

বজলুর রশীদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার শেখ ইফতেখার, এস কে আবু সাঈদ প্রমুখ।

তারা বলেছিলেন, বজলুর রশীদের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় ওই জামিনের আদেশের ফলে তার মুক্তিতে বাধা নেই।

১৯৯৩ সালে সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া বজলুর রশীদ ঢাকায় কারা সদর দপ্তরে দায়িত্ব পালন করছিলেন। ডিআইজি হিসেবে এর আগে সর্বশেষ ছিলেন রাজশাহীতে।

গত বছরের ৬ অক্টোবর দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়, বিপুল পরিমাণ ঘুষের টাকা স্থানান্তর করতে বজলুর রশীদ অভিনব এক পন্থা বেছে নিয়েছেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শতাধিক ধাপে তিনি পাঠিয়েছেন কয়েক কোটি টাকা। টাকা তুলেছেন তার স্ত্রী রাজ্জাকুন নাহার।

এজন্য প্রকৃত ঠিকানা গোপন করে স্ত্রীর নামে সিম তোলা হয়েছে এবং সরাসরি নিজে টাকা না পাঠিয়ে নির্ভরযোগ্য ব্যক্তির মাধ্যমে ওই টাকা পাঠানো হয়েছে বলে অভিযোগ করা হয় ওই প্রতিবেদনে।

এরপর এই কারা কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ঘুষ লেনদেনের অভিযোগে দুদকের তলবে হাজির হলে ২০ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।

ওই দিনই দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন বজলুর রশীদের বিরুদ্ধে। পরে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ২৬ অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক নাসির উদ্দীন অভিযোগপত্র জমা দেন। তাতে বজলুর রশীদের বিরুদ্ধে ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, বজলুর রশীদ রূপায়ন হাউজিং এস্টেট থেকে ঢাকার সিদ্ধেশ্বরী রোডের ৫৫/১ (পুরনো) ৫৬/৫৭ (নতুন) নির্মাণাধীন স্বপ্ন নিলয় প্রকল্পের ২৯৮১ বর্গফুট আয়তনের অ্যাপার্টমেন্ট কেনেন। এরমধ্যে তিনি অ্যাপার্টমেন্টের মূল্য বাবদ তিন কোটি ৮ লাখ টাকা পরিশোধ করেন। এ অ্যাপার্টমেন্ট ক্রয়বাবদ বজলুর রশীদ যে টাকা পরিশোধ করেছেন, এর সপক্ষে কোনো বৈধ উৎস দেখাতে পারেননি।

পুরনো খবর:

ডিআইজি প্রিজনস বজলুর রশীদের জামিন