২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকের পেছনে বছরে যায় ‘৬০ হাজার কোটি টাকা’

প্রতিবছর বাংলাদেশে মাদকের পেছনে প্রায় ৬০ হাজার কোটি টাকা অপচয় হচ্ছে বলে হিসাব দেওয়া হয়েছে এক অনুষ্ঠানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2020, 06:12 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

রোববার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ‘মাদক নিয়ন্ত্রণে ডোপ টেস্ট- এই মুহূর্তে করণীয়’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে মূল প্রবন্ধে এ হিসাব দেওয়া হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধে বলা হয়, দেশে মাদকাসক্তের সংখ্যা ৭০ থেকে ৭৫ লাখ। প্রতিবছর মাদকের পেছনে প্রায় ৬০ হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে। বিগত ১০ বছরে মাদকাসক্তির কারণে দুইশ’ মা-বাবা খুন হয়েছেন।

শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস এবং সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) আয়োজিত ওই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্লামেন্ট নিউজ বিডি ডটকমের সম্পাদক সাকিলা পারভীন এবং একাত্তর টিভির বার্তা সম্পাদক পলাশ আহসান।

প্রবন্ধে বলা হয়, প্রতিদিন গড়ে একজন মাদকসেবীর ১৫০ টাকার মাদক লাগে। এই হিসেবে একজন মাদকাসক্ত বছরে ৫৪ হাজার ৭৫০ টাকার মাদকের জন্য ব্যয় করে। দেশে ২৫ লাখ মাদকাসক্ত ধরা হলে তারা বছরে ১৩ হাজার কোটি টাকার মাদক সেবন করে। এতে পাচার হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু অনুষ্ঠানে বলেন, “পুলিশের ডোপ টেস্ট শুরু হয়েছে। গাড়িচালকদের ডোপ টেস্ট শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

“চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট শুরুর কার্যক্রম চলছে। এর পাশাপাশি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ডোপ টেস্টের আওতায় আনতে হবে। এতে মাদকের চাহিদা কমবে। ফলে দেশে মাদকের প্রবেশও কমবে।”

পাবনার এই সংসদ সদস্য বলেন, “আমার নির্বাচনী এলাকায় আমি ছাত্রলীগ ও যুবলীগের কমিটিতে মাদকাসক্তদের রাখতে দিইনি। এটা সারাদেশে করতে হবে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আহসানুল জব্বার বলেন, “মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আছে। তারপরও বলব, মাদক নির্মূলে আমরা বসে নেই। আমরা চেষ্টা করছি, কীভাবে মাদকের থাবা থেকে যুব সমাজকে রক্ষা করা যায়।”

সচেতনতার উপর জোর দিয়ে তিনি বলেন, “দেশে মাদকের চাহিদা কমলে জোগানও কমে যাবে। তাই সন্তানরা যাতে মাদকাসক্ত না হয়ে পড়ে, সেজন্য অভিভাবকদের সচেতন হওয়া দরকার। সকলে সচেতন হলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে।”

স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্লমেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নিখিল ভদ্র।