আবুল হাসনাতের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাহিত্য, শিল্প, সংস্কৃতি বিষয়ক পত্রিকা কালি ও কলমের সম্পাদক সাংবাদিক ও কবি আবুল হাসনাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় তিনি বলেছেন, “দেশে প্রগতিশীল ও মুক্ত সংস্কৃতি চর্চায় আবুল হাসনাতের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বলে জানানো হয়েছে তার দপ্তর থেকে।
কবি ও সাংবাদিক আবুল হাসনাত
জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার আসলে অনেক সমস্যাই ছিল। বেশ কয়েকদিন ধরে তার শরীরে ব্যথা ছিল। গলব্লাডারের স্টোন ছিল, তারপরে আর অপারেশন করা যায়নি। শেষ মুহূর্তে তার নিউমোনিয়ার ট্রিটমেন্ট হচ্ছিল। তার কোভিড টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছিল।"
আবুল হাসনাত ১৯৪৫ সালের ১৭ জুলাই পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। সাহিত্যে তার ছদ্মনাম ছিল মাহমুদ আল জামান।
দীর্ঘ ২৪ বছর দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করা আবুল হাসনাত আমৃত্যু কালি ও কলমের সম্পাদকের দায়িত্বে ছিলেন। পাশাপাশি চিত্রকলা বিষয়ক ত্রৈমাসিক ‘শিল্প ও শিল্পী’রও তিনি সম্পাদক ছিলেন।
ছায়ানটের কার্যকরী সংসদের সদস্য আবুল হাসনাত একসময় সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
