২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পায়েল হত্যা মামলার রায় রোববার

দুই বছর আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েলকে হত্যা করে সেতুর উপর থেকে লাশ ফেলে দেওয়ার ঘটনায় হানিফ পরিবহনের বাস চালক, তার সহকারী ও সুপারভাইজারের সাজা হবে কি না, তা জানা যাবে রোববার।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2020, 10:11 PM

Updated : 10 Oct 2022, 07:31 PM

পুরনো খবর:

পায়েল হত্যা মামলার রায় ১ নভেম্বর
পায়েল হত্যা: তিন আসামির বিচার শুরু
পায়েলের খুনের খবর থানায় গিয়ে জানতে পারেন মা
‘ঈদ নেই’ পায়েলদের বাড়িতে
খালে ফেলার আগে ‘থেঁতলে দেওয়া হয়’ পায়েলের মুখ
পায়েলকে খালে ফেলে দেয় বাসচালক ও সহকারীরা: দাবি পুলিশের
বাস থেকে নিখোঁজ, মিলল লাশ

ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করবেন।

গত ৪ অক্টোবর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক রায়ের জন্য ১ নভেম্বর তারিখ রেখেছিলেন।

আসামিপক্ষের একজন আইনজীবী যুক্তিতর্ক শুনানিতে অংশ নিলেও অপর এক আসামির পক্ষে যুক্তিতর্ক শুনানির জন্য সময় চাইলে বিচারক তা নাকচ করে রায়ের তারিখ নির্ধারণ করে দেন।

মামলার তিন আসামি হানিফ পরিবহনের বাসচালক জামাল হোসেন, সহকারী ফয়সাল হোসেন ও সুপারভাইজার জনি জামিনে ছিলেন। রায়ের তারিখ নির্ধারণের পর বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ট্রাইবুনালের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঞা রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক শুনানি করেন। শনিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা ১২টার দিকে রায় ঘোষণা করা হতে পারে।

যুক্তিতর্ক শুনানিতে এই আইনজীবী বলেছিলেন, “মানুষ কতটা নিষ্ঠুর হলে এ কাজ করতে পারে! কোনো শত্রুতা ছাড়াই কেবল নিজেদের দায় এড়াতে আহতকে হাসপাতালে ভর্তি না করে আসামিরা এই ন্যক্কারজনক কাজ করেছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজের সকল শ্রেণিপেশার মানুষ পরিবহন শ্রমিকদের হাতে আরও জিম্মি হয়ে পড়বে।”

পায়েলের মামা মামলার বাদী গোলাম সরোয়ার্দী বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি মর্মন্তুদ এ ঘটনার ‘দৃষ্টান্তমূলক’ রায় চান।

Image
সাইদুর রহমান পায়েল

সাইদুর রহমান পায়েল

২০১৮ সালের ২১ জুলাই রাতে দুই বন্ধু আকিবুর রহমান আদর ও মহিউদ্দিনের সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনা হওয়ার পর নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল।

২৩ জুলাই মুন্সিগঞ্জ উপজেলার ভাটেরচর সেতুর নিচের খাল থেকে পায়েলের লাশ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ।

এরপর হানিফ পরিবহনের ওই বাসের সুপারভাইজার জনিকে ঢাকার মতিঝিল এবং চালক জামাল হোসেন ও তার সহকারী ফয়সাল হোসেনকে আরামবাগ থেকে গ্রেপ্তার করা হয়।

আদালতে তাদের জবানবন্দির বরাতে পুলিশ জানায়, গজারিয়া এলাকায় গাড়ি যানজটে পড়ায় প্রসাব করার কথা বলে বাস থেকে নেমেছিলেন পায়েল। বাস চলতে শুরু করলে তিনি দৌড়ে এসে ওঠার সময় দরজার সঙ্গে ধাক্কা খেয়ে সংজ্ঞা হারান। নাক-মুখ দিয়ে রক্ত বের হতে দেখে তাকে হাসপাতালে নেওয়ার বদলে দায় এড়াতে ভাটেরচর সেতু থেকে নিচের খালে ফেলে বাস নিয়ে ঢাকায় চলে আসেন চালক ও সুপারভাইজার।

পায়েলকে অচেতন অবস্থায় সেতু থেকে খালে ফেলে দেওয়ার আগে তার পরিচয় গোপন করতে বাসচালক মুখ থেঁতলে দিয়েছিলেন বলেও অভিযোগ করে তার পরিবার।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র পায়েলের বাসা চট্টগ্রামের হালিশহর সিডিএ আবাসিক এলাকায়। তার বাবা গোলাম মাওলা ও বড় ভাই গোলাম মোস্তফা কাতার প্রবাসী। বড় ভাইয়ের সন্তান হওয়ার খবরে চট্টগ্রামে গিয়েছিলেন পায়েল। সেখান থেকে ঢাকায় ফেরার পথেই ঘটে ওই ঘটনা।

পায়েলের মৃত্যুর পর তার মামা গোলাম সরোয়ার্দী বিপ্লব বাদী হয়ে চালক জামাল হোসেন, তার সহকারী ফয়সাল হোসেন ও সুপারভাইজার জনিকে আসামি করে মুন্সিগঞ্জের গজারিয়া থানায় ওই হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে গজারিয়া থানার পুলিশ ওইবছর ৩ অক্টোবর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। প্রথমে মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার বিচার কাজ শুরু হলেও পায়েলের পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ মামলাটি চট্টগ্রামের দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তরে করে।

ওই আদালতের ভারপ্রাপ্ত বিচারক আবদুল হালিম ২০১৯ সালের ২ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। সেখানে সাক্ষ্যগ্রহণও শুরু হয়।

কিন্তু আসামিপক্ষের আবেদনে হাই কোর্টের আদেশে ২০১৯ সালের ১৮ নভেম্বর মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ পাঠানো হয়।

আসামিপক্ষ ঢাকার এ ট্রাইবুনালে আগের আদালতে সাক্ষ্য দেওয়া রাষ্ট্রপক্ষের সাক্ষীদের তলব করে (রিকল) পুনরায় জেরার আবেদন জানান। বিচারক তাতে সায় দিলে আবার শুরু থেকে সাক্ষ্য নেওয়া হয়। ফলে রায় পিছিয়ে যায়।