ধর্ষণবিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ
ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলার প্রতিবাদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বুধবার দুপুর সাড়ে ১২টায় শাহবাগ মোড়ে অবস্থান নিলে রাস্তায় যান চলাচল বিঘ্নিত এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে দুপুর দুইটার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ত্যাগ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
গত ৫ অক্টোবর থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণবিরোধী নানা কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন সংগঠন। এর অংশ হিসেবে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ তৈরি করতে ১৬ ও ১৭ অক্টোবর ঢাকা থেকে নোয়াখালীর পথে লংমার্চ কর্মসূচি পালন করেন তারা।
ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে বুধবার শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারী।
ওই ঘটনার প্রতিবাদে বুধবার সারাদেশে রাজপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল প্রগতিশীল ছাত্র জোট। এরই অংশ হিসেবে সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন জোটের নেতাকর্মীরা। পরে দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থেকে কাঁটাবন মোড় হয়ে আবার শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন তারা।
সেখানে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার বলেন, “আমরা গত ৫ অক্টোবর থেকে নয় দফা দাবিতে আন্দোলন করছি। এরই অংশ হিসেবে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ তৈরি করতে আমরা ঢাকা টু নোয়াখালী শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচি পালন করতে চেয়েছি। লংমার্চ কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল।
ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে বুধবার শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারী।
ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদি হাসান নোবেল বলেন, “এই অবরোধ কর্মসূচি আমাদের একটি নমুনামাত্র। আমরা একটি নমুনা দেখালাম যে, আমরা কীভাবে এই শাহবাগ অবরোধ করতে পারি। এই নমুনা দেখে সরকারের বুঝে নেওয়া উচিত, যদি আমরা সারাদেশে রাজপথ অবরোধ করি, তখন ওই ছাত্রলীগ-যুবলীগ পালানোর পথ খুঁজে পাবে না। এই নমুনা দেখে আপনারা বুঝে নিন, আপনাদের শুধরানোর সময় হয়েছে।
ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে বুধবার শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারী।
পরবর্তী কর্মসূচি সম্পর্কে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, “আগামী নভেম্বর মাস জুড়ে আমরা প্রত্যেক বিভাগীয় শহরে মহাসমাবেশ করব। সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জসহ শ্রমিক এলাকাগুলোতে শ্রমিক সমাবেশ করব। ধর্ষণের যে সংস্কৃতি তৈরি হয়েছে, সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আমরা গ্রামে গ্রামে কমিটি করে ধর্ষক-নিপীড়কদের প্রতিহত করব।”
এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ পূর্বঘোষিত নয় দাবি বাস্তবায়নেরও দাবি জানান।
