২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ নভেম্বর খুলছে মিরপুর চিড়িয়াখানা

করোনাভাইরাস মহামারীর কারণে সাত মাস বন্ধ থাকার পর নভেম্বরের প্রথম দিন থেকে দর্শনার্থীদের জন্য খুলছে মিরপুর চিড়িয়াখানার দুয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2020, 05:15 PM

Updated : 08 Apr 2022, 01:29 AM

লকডাউন আর বিধিনিষেধের কড়াকড়ি উঠে যাওয়ার অন্যান্য বিনোদনকেন্দ্রগুলো খুলতে শুরু করেছিল আগেই, এবার চিড়িয়াখানাও খুলে দেওয়ার অনুমতি দিয়েছে সরকার।

স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বেশ কিছু শর্ত সাপেক্ষে ১ নভেম্বর থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরকে চিড়িয়াখানা খোলার এ অনুমতি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মিরপুরের জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষকে এসব শর্তের প্রতিপালন নিশ্চিত করতে বলা হয়েছে।

১. চিড়িয়াখানার প্রবেশ পথে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অমোচনীয় রঙ দিয়ে বৃত্তাকার স্থান চিহ্নিত করতে হবে।

২. প্রবেশ ফটকে জীবাণুনাশক টানেল ও ফুটবাথ রাখতে হবে।

৩. প্রবেশ ফটকে থার্মাল স্ক্যানারের মাধ্যমে দর্শনার্থীর দেহের তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। 

৪. চিড়িয়াখানার ভেতরে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হাত ধোয়ার জন্য বেসিন ও সাবানের ব্যবস্থা রাখতে হবে।

৫. দর্শনার্থীদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

৬. দিনে সর্বোচ্চ দুই হাজার দর্শনার্থীকে চিড়িয়াখানায় প্রবেশের অনুমতি দেওয়া যাবে।

৭. চিড়িয়াখানার গুরুত্বপূর্ণ প্রাণিগুলোর খাঁচার চারপাশে প্রতিদিন জীবাণুনাশক স্প্রে করতে হবে।

৮. দর্শনার্থীদের দেখার সময় সকাল ৯টা থেকে বেলা ৩টার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

৯. ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে চিড়িয়াখানার ভেতরে কোভিড-১৯ সংক্রান্ত সতর্কতামূলক প্রচার চালাতে হবে। 

১০. ষাটোর্ধ্ব ব্যক্তিদের চিড়িয়াখানায় প্রবেশাধিকার বন্ধ রাখতে হবে।

এছাড়া দর্শনার্থীদেরও বেশ কিছু শর্ত মেনে চলতে হবে চিড়িয়াখানায়।

১. প্রবেশের সময় অমোচনীয় রঙ দিয়ে চিহ্নিত বৃত্তাকার স্থানে অবস্থান করতে হবে।

২. প্রবেশ ফটকে জীবাণুনাশক টানেল ও ফুটবাথ ব্যবহার করতে হবে।

৩. চিড়িয়াখানার ভেতর প্রবেশের পর দিক নির্দেশক অনুসরণ করে একমুখী পথ ব্যবহার করতে হবে।

৪. বাধ্যতামূলকভাবে ফেইস মাস্ক ব্যবহার করতে হবে।

৫. চিড়িয়াখানায় খাবার নিয়ে প্রবেশ করা যাবে না। 

৬. চিড়িয়াখানার ভেতরে এক জাযগায় ভিড় বা জটলা করা যাবে না।

দেশে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিলে গত ২০ মার্চ জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, “করোনা ক্রান্তিকালে ঢাকা শহরবাসীর বিনোদনের উল্লেখযোগ্য বিকল্প না থাকায় তাদের বিনোদন এবং শারীরিক ও মানসিক উৎকর্ষের বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

“এক্ষেত্রে চিড়িয়াখানায় থাকা প্রাণীদের খাদ্য, নিয়মিত পরিচর্যা ও স্বাস্থ্যসুরক্ষা এবং সরকারের রাজস্ব ক্ষতির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।"

পুরনো খবর:

মানুষের গৃহবন্দিত্বে হাঁফ ছেড়েছে খাঁচাবন্দিরা
দ্বারবন্ধ চিড়িয়াখানার বাইরে সমাগম