আ. লীগ নেতা মোজাম্মেলের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুদক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের বিভিন্ন ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বিআইএফইউয়ের মহাব্যবস্থাপক বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন কমিশনের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম।
নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন কর্মকর্তা জানিয়েছেন, চিঠিতে মোজাম্মল হক ও তার পরিবারের নামে বিভিন্ন ব্যাংকের হিসাব এবং লেনদেনের বিস্তারিত তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে।
“তার বিরুদ্ধে সরকারি বিভিন্ন কাজে অনিয়ম, চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে,” বলেন এই কর্মকর্তা।
অভিযোগ নিয়ে দুদকের অনুসন্ধান সম্পর্কে জানতে চাইলে বি এম মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুসন্ধান চলুক, অসুবিধা নেই। কেউ না কেউ অভিযোগ করেছে, আমি দুর্নীতি করছি। খুঁজে বের করুক আমি কোথায় দুর্নীতি করেছি।”
রাজনৈতিক প্রতিপক্ষরা এসব অভিযোগ করেছে মন্তব্য করে তিনি বলেন, “অনুসন্ধান শেষ হলেই বলা যাবে আমি দুর্নীতি করেছি কি করিনি।”
মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে শরীয়তপুর ও ঢাকায় কয়েকশ বিঘা জমি নিজের ও স্ত্রীর নামে কিনেছেন।
এছাড়া জাজিরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের কথা বলে স্থানীয়দের কাছ থেকে ৫০-৬০ লাখ টাকা চাঁদাবাজি করেছেন বলেও অভিযোগ রয়েছে।
এসব অভিযোগ প্রসঙ্গে মোজাম্মেল বলেন, “আমি ঢাকা শহরে ভাড়া বাসায় থাকি। আমার স্ত্রী একটি চাকরি করে, তার বেতন থেকে আমি বাসা ভাড়া দেই। আমার আর কী সম্পদ আছে বলেন তো? এসব বানোয়াট ও মিথ্যা অভিযোগ।”
এর আগে ২০১৪ সালে তার বিরুদ্ধে মৎস্য উন্নয়ন অধিদপ্তরের অর্থে নিজেদের পুকুর খননের অভিযোগে দুদকে একটি অনুসন্ধান শুরু হয়েছিল। কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ওই অভিযোগও অনুসন্ধান চলমান আছে।
নতুন অভিযোগ পেয়ে এবার ফের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি বিরোধী সংস্থাটি।
ওই অভিযোগে বলা হয়েছিল, মৎস্য উন্নয়ন অধিদপ্তরের আওতায় শরীয়তপুরের জাজিরা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলায় তিনটি প্রকল্পের মাধ্যমে ১১টি পুকুর ও খাল খনন করা হয়। খনন করা ওইসব পুকুর ও জলাশয় তৎকালীন সাংসদ, স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত সম্পত্তি ছিল।
মোজাম্মেল হক সংসদ সদস্য থাকা অবস্থায় তার পছন্দের লোকদের দিয়ে প্রায় সাড়ে ৩১ লাখ টাকায় নয়টি পুকুর ও দুইটি জলাশয় খনন করা হয় বলে অভিযোগ রয়েছে।
