কোভিড-১৯: কারাগারের অতিরিক্ত মহাপরিদর্শকও আক্রান্ত
কারা মহাপরিদর্শকের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের উপ- কারা মহাপরিদর্শক তৌহিদুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন
কর্নেল আবরার হোসেন ‘শারীরিকভাবে সুস্থ আছেন’ জানিয়ে তৌহিদুল ইসলাম বলেন, “চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন।”
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন।
ব্রিগেডিয়ার মামুন গত মাসেই কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন্স) দায়িত্ব নেন। এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
