সাহিত্যকর্মে স্মরণীয় হয়ে থাকবেন রশীদ হায়দার: রাষ্ট্রপতি
একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক, লেখক ও গবেষক রশীদ হায়দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “রশীদ হায়দার আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে গবেষণাকর্ম সম্পন্ন করেছেন তা আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের স্বরূপ সন্ধানে উৎসাহিত করবে। গবেষণা ও সাহিত্যকর্মের জন্য রশীদ হায়দার স্মরণীয় হয়ে থাকবেন।“
রাষ্ট্রপতি রশীদ হায়দারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
মঙ্গলবার সকালে ছোট মেয়ে শাওন্তি হায়দারের বাসায় রশীদ হায়দার মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
গত শতকের ষাটের দশকে সিনে ম্যাগাজিন চিত্রালী ও পাকিস্তান রাইটার্স গিল্ড এর মুখপত্র পরিক্রম পত্রিকায় কাজ করার পর রশীদ হায়দার গবেষণা সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন ন্যাশনাল বুক সেন্টার অব পাকিস্তানে।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাংলা একাডেমিতে চাকরি নেন তিনি। ১৯৯৯ সালে বাংলা একাডেমির পরিচালক হিসেবে অবসরে যাওয়ার পর নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
গল্প, উপন্যাস, নাটক, অনুবাদ, নিবন্ধ, স্মৃতিকথা ও সম্পাদিত গ্রন্থ মিলিয়ে রশীদ হায়দারের প্রকাশিত বইয়ের সংখ্যা ৭০ এর বেশি।
বাংলা একাডেমিতে থাকাকালে রশীদ হায়দারের সম্পাদনায় প্রকাশিত হয় মুক্তিযুদ্ধে স্বজন হারানো মানুষের স্মৃতিচারণা নিয়ে গ্রন্থ ‘স্মৃতি: ১৯৭১’, যাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিষয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ‘দালিলিক গ্রন্থ’ হিসেবে বিবেচনা করেন সমালোচকরা।
বাংলা সাহিত্যে অবদানের জন্য সরকার ২০১৪ সালে রশীদ হায়দারকে একুশে পদকে ভূষিত করে। তার আগে ১৯৮৪ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।
