২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথাশিল্পী রশীদ হায়দারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক, লেখক ও গবেষক রশীদ হায়দারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2020, 02:13 PM

Updated : 08 Apr 2022, 01:28 AM

এক শোকবার্তায় তিনি বলেছেন, “মহান মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণাকর্ম এবং বাংলা সাহিত্যে অবদানের জন্য রশীদ হায়দার স্মরণীয় হয়ে থাকবেন।”

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে ছোট মেয়ে শাওন্তি হায়দারের বাসায় রশীদ হায়দার মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

গত শতকের ষাটের দশকে সিনে ম্যাগাজিন চিত্রালী ও পাকিস্তান রাইটার্স গিল্ড এর মুখপত্র পরিক্রম পত্রিকায় কাজ করার পর রশীদ হায়দার গবেষণা সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন ন্যাশনাল বুক সেন্টার অব পাকিস্তানে।

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাংলা একাডেমিতে চাকরি নেন তিনি। ১৯৯৯ সালে বাংলা একাডেমির পরিচালক হিসেবে অবসরে যাওয়ার পর নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

গল্প, উপন্যাস, নাটক, অনুবাদ, নিবন্ধ, স্মৃতিকথা ও সম্পাদিত গ্রন্থ মিলিয়ে রশীদ হায়দারের প্রকাশিত বইয়ের সংখ্যা ৭০ এর বেশি।

বাংলা একাডেমিতে থাকাকালে রশীদ হায়দারের সম্পাদনায় প্রকাশিত হয় মুক্তিযুদ্ধে স্বজন হারানো মানুষের স্মৃতিচারণা নিয়ে গ্রন্থ ‘স্মৃতি: ১৯৭১’, যাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিষয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ‘দালিলিক গ্রন্থ’ হিসেবে বিবেচনা করেন সমালোচকরা।

বাংলা সাহিত্যে অবদানের জন্য সরকার ২০১৪ সালে রশীদ হায়দারকে একুশে পদকে ভূষিত করে। তার আগে ১৯৮৪ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।