২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ-নিপীড়ন বন্ধে আইনমন্ত্রীকে স্মারকলিপি

ধর্ষণ ও নিপীড়ন বন্ধে 'নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০' সংশোধনের ৬ দফা দাবি নিয়ে আইনমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2020, 05:37 PM

Updated : 08 Apr 2022, 01:28 AM

রোববার শাহবাগ থেকে এ জোটের পাঁচ সদস্য আইন মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন।

তাদের ৬ দফা দাবিগুলো হল- 

১. ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান করতে হবে।

২. টু ফিঙ্গার টেস্ট বাতিলে হাই কোর্টের রায় কার্যকর করতে হবে।

৩. ভিকটিম ও সাক্ষীর আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৪. সাক্ষ্য আইনের ১৫৫ (৪) ধারা সংশোধন করতে হবে।

৫. নারীর সুরক্ষা নিশ্চিতের জন্য প্রত্যেক থানায় নারী সেল গঠন করতে হবে।

৬. ধর্ষণ মামলায় ১৫ দিনে পুলিশ প্রতিবেদন এবং ৬০ দিনের মধ্যে রায় দিতে হবে।

স্মারকলিপিতে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোটের আহ্বায়ক শিবলী হাসান বলেন, ধর্ষণের অপরাধের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেমন- ভিকটিম বা তার পরিবারের অনাগ্রহ, ভিকটিমের ওপর দোষ চাপানো, বিচারে সাক্ষীর অনুপস্থিতি, ভিকটিমের পরিবার ও সাক্ষীদের হুমকি, প্রভাবিত হয়ে থানা কিংবা হাসপাতালে প্রতিবেদন তৈরি, মামলার দীর্ঘসূত্রতার কারণে আপসে সুযোগ নেওয়া।

২০১৯ সালের ২৬ জনুয়ারি বিচারপতি ইমান আলী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাই কোর্ট বেঞ্চ এক রায়ে যৌন হয়রানি প্রতিরোধে দেশের প্রতিটি থানায় আলাদা সেল গঠনের নির্দেশ দেয়। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেন শিবলী হাসান।

তিনি বলেন, “আইনের দুর্বলতা, অস্পষ্টতা এবং যুগোপযোগী পূর্ণাঙ্গ আইন না থাকায় ধর্ষণের বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এতে দেশে আইনের শাসন দুর্বল হয়ে যাচ্ছে। প্রভাবের একটি বলয় তৈরি হয়েছে। ক্ষমতার অপব্যবহার আইনের শাসনকে কোণঠাসা করে ফেলেছে।"